আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে খাগড়াছড়িতে অদম্য নারী ও কীর্তিময়ী নারীদের সম্মাননা প্রদান
০৮ মার্চ ২০২৫, ০১:৩৭ পিএম
খাগড়াছড়িতে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার যৌথ আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে অদম্য নারী ও কীর্তিময়ী নারীদের সম্মাননা প্রদান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ মার্চ ২০২৫) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।
মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (অ. দা.) সুষ্মিতা খীসার সঞ্চালনায় এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফেরদৌসী বেগমের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, "নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে অর্থনৈতিক স্বাবলম্বিতা জরুরি। সম্পত্তির অধিকার না থাকলে নারীদের প্রকৃত ক্ষমতায়ন সম্ভব নয়। সভ্যতার শুরু থেকেই উৎপাদন ব্যবস্থার সঙ্গে নারীর ক্ষমতায়ন জড়িত ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তা কমে গেছে। অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করলে নারীরা সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাও লাভ করবে।" তিনি নারী দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, "সমাজে ইতিবাচক দৃষ্টিভঙ্গি পরিবর্তন ছাড়া নারীর প্রতি সহিংসতা বন্ধ করা সম্ভব নয়। আগামীতে আরও বৃহৎ পরিসরে এ দিবস উদযাপন করা হবে।"
আলোচনা সভা শেষে বাল্যবিবাহ নিরোধ, সমাজ উন্নয়ন, মাতৃত্ব, শিক্ষা, চাকরি ও উদ্যোক্তা খাতে বিশেষ অবদানের জন্য ছয়জন নারীকে সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন: বাল্যবিবাহ নিরোধে অসামান্য অবদান: ভাগ্য লক্ষী ত্রিপুরা; সমাজ উন্নয়নে অবদান: ডেইজি আক্তার ; সফল জননী: চোপাই মারমা; শিক্ষা ও চাকরিতে সফল: সাগরানী চাকমা; সফল উদ্যোক্তা: সানুচিং মারমা ও হাছিনা বেগম।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, নারী নেত্রী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।































