ফরিদপুরে ইউপি সদস্যকে কুপিয়ে জখম

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:২০ পিএম


ফরিদপুরে ইউপি সদস্যকে কুপিয়ে জখম

 

রিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে আলমগীর মোল্লা (৪০) নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে জখম করা হয়েছে।  এ ঘটনার জেরে দেশীয় অস্ত্র ঢাল-সড়কি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে গ্রামের দুটি পক্ষ। এ ঘটনায় অন্তত ১০জন আহত হয়েছেন। এ ছাড়া দুটি বসতবাড়ি ভাঙচুর করা হয়।

আজ শনিবার সকাল ৯টার দিকে উপজেলার হামিরদি ইউনিয়নের মুনসুরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ইউনিয়নের বর্তমান ইউনিয়ন পরিষদের সদস্য আলমগীর মোল্লা ও সাবেক ইউপি সদস্য বাবর আলী মাতুব্বরের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। সবশেষ গত ২৫ ডিসেম্বর তাদের দুই পক্ষের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষ হয়।

সেই ঘটনার জেরে শনিবার  সকালে আলমগীর মোল্লা মোটরসাইকেল চালিয়ে যাওয়ার পথে প্রতিপক্ষের লোকজন তার গতি রোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান জানান, ‘পূর্বশত্রুতার জেরে হামলার ঘটনা ঘটে। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে পুলিশ আছে, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

 

Ads