পার্বত্য চট্টগ্রামের মারমা জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
২৬ জানুয়ারি ২০২৫, ০৫:২১ পিএম
‘‘পার্বত্য চট্টগ্রামের জাতিসত্ত্বার বৈষম্যহীন অধিকার নিশ্চিত করুন’’ প্রতিপাদ্যে খাগড়াছড়ি জেলা শহরের জেলা প্রেসক্লাব প্রাঙ্গণে রবিবার (২৬ জানুয়ারি) সকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‘‘জাগ্রত মারমা সমাজ, খাগড়াছড়ি’’ ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে মারমা জাতিগোষ্ঠীর গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য সরকারের কাছে দাবি জানানো হয়।
বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের সভাপতি কংচাইরী মাস্টার এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক রুমেল মারমা, খাগড়াছড়ি সদর উপজেলা শাখার সভাপতি মংখই মারমা, বাংলাদেশ মারমা যুব ঐক্য পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সহ সাধারণ সম্পাদক নিউসাইন মারমা এবং আরও অনেক নেতা।
এই মানববন্ধনে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের তিন জেলা, খাগড়াছড়ি, রাঙ্গামাটি এবং বান্দরবান, ভৌগলিক এবং সাংস্কৃতিক দিক থেকে অন্যান্য ৬১ জেলার চেয়ে ভিন্ন। এখানকার মানুষের জীবনধারা, কৃষ্টি এবং সংস্কৃতি একেবারে আলাদা, তবে নানা সংকট ও প্রতিবন্ধকতার সম্মুখীনও তারা।
তাদের মতে, মারমা জাতিগোষ্ঠী এই অঞ্চলের দ্বিতীয় বৃহত্তম সম্প্রদায় এবং তারা পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে এসেছে। কিন্তু, পার্বত্য চট্টগ্রামের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে তাদের প্রতিনিধিত্ব নেই, যা মারমা জনগণের মধ্যে গভীর হতাশা সৃষ্টি করেছে।
বক্তারা আরও বলেন, বিশেষত পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠানে মারমা জাতিগোষ্ঠীকে উপেক্ষা করে বিভিন্ন পদে বঞ্চিত করা হয়েছে, যা এই অঞ্চলের সামাজিক ভারসাম্য এবং উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে।
এছাড়া, বক্তারা দাবি করেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন এবং জনগণের মধ্যে আস্থা বজায় রাখতে এ অঞ্চলের সকল আদিবাসীদের সমান সংখ্যক প্রতিনিধি রাখতে হবে। বিশেষত, মারমা জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্বের জন্য যথাযথ পদক্ষেপ নিতে হবে, যাতে সামাজিক ভারসাম্য এবং অংশগ্রহণ নিশ্চিত করা যায়।
শেষে, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের সভাপতি কংচাইরী মাস্টার ও সাংগঠনিক সম্পাদক রুমেল মারমা খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারের মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করেন।



























