ডিগ্রিধারী ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক গ্রহণ নয়: সিভিল সার্জন
২২ জানুয়ারি ২০২৫, ০৫:০৬ পিএম
ডিগ্রিধারী ডাক্তারের পরামর্শ ছাড়া লোকাল ফার্মেসি বা পল্লী চিকিৎসকের পরামর্শে অ্যান্টিবায়োটিক গ্রহণ নয়,—খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের এ কথা বলেন। তিনি অতিরিক্ত অ্যান্টিবায়োটিক সেবনের ভয়াবহতা তুলে ধরে বলেন, "অতিরিক্ত অ্যান্টিবায়োটিক সেবনে মানবদেহ ঔষধের কার্যকারিতা হারায়, যা ভবিষ্যতে জটিল স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করতে পারে।
বুধবার (২২ জানুয়ারি) সকালে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের সম্মেলন কক্ষে জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও জাবারাং কল্যাণ সমিতির আয়োজনে বাংলাদেশ হেলথ ওয়াচের সহযোগিতায় "এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সমস্যা: প্রতিকার ও করণীয়" শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক ও জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সদস্য সচিব মথুরা বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার (নিউরো মেডিসিন বিশেষজ্ঞ) ডা. মোহাম্মদ রুবেল।
জাবারাং কল্যাণ সমিতির কর্মসূচি সমন্বয়ক ও জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ফোকাল পার্সন বিনোদন ত্রিপুরার সঞ্চালনায় এই সভায় ইউপি সদস্য, পল্লী চিকিৎসক, ফার্মাসিস্ট, ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধি, মন্দির পুরোহিত, মাদ্রাসার আলেম, ছাত্র প্রতিনিধি সহ জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম এবং স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সদস্যরা অংশগ্রহণ করেন।
সভায় অংশগ্রহণকারীরা এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের প্রতিকার ও করণীয় বিষয়ে বিভিন্ন মতামত প্রদান করেন এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন


































