খাগড়াছড়ি প্রেসক্লাবে সাংবাদিক সংবর্ধনা ও সাধারণ সভা অনুষ্ঠিত
২৩ নভেম্বর ২০২৪, ০৫:২৪ পিএম
খাগড়াছড়ি প্রেসক্লাবের অন্তবর্তীকালীন কমিটির উদ্যোগে গুণী সাংবাদিক সংবর্ধনা এবং সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (২২ নভেম্বর, ২০২৪) দিনব্যাপী খাগড়াছড়ি জেলা শহরের অফিসার্স ক্লাব মিলনায়তনে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানের প্রথম অধিবেশনে গুণী সাংবাদিকদের সংবর্ধনা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “সাংবাদিকরা পাহাড়ের শান্তি, সম্প্রীতি এবং উন্নয়নে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সততা এবং ক্রসচেকের ভিত্তিতে সত্য সংবাদ পরিবেশনা নিশ্চিত করতে হবে।”
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এ. কে. এম. মকছুদ আহমেদ। তিনি সাংবাদিকদের লেখনীর মাধ্যমে পার্বত্য অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি প্রেসক্লাবের অন্তবর্তীকালীন কমিটির সহ-সভাপতি মোহাম্মদ জহুরুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা জামায়াত ইসলামী আমীর সৈয়দ আবদুল মোমেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন, গুণী সাংবাদিক তরুণ কুমার ভট্টাচার্য, রাঙ্গামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি জাহিদ হাসান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খাগড়াছড়ি প্রেসক্লাবের অন্তবর্তীকালীন কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট জসীম উদ্দিন মজুমদার। শুভেচ্ছা বক্তব্য দেন প্রকৌশলী নির্মল কান্তি দাশ, মংপ্রু চৌধুরী, অনিমেষ চাকমা রিংকু, সুরেশ মোহন ত্রিপুরা, এবং প্রেসক্লাব নেতৃবৃন্দ।
বক্তারা সুষ্ঠু সাংবাদিকতার মাধ্যমে পার্বত্য অঞ্চলের উন্নয়নে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান।
দ্বিতীয় অধিবেশনে সাধারণ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের অন্তবর্তীকালীন কমিটির সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য। আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন অর্থ সম্পাদক রিপন সরকার। সভায় খাগড়াছড়ি প্রেসক্লাব পুনর্গঠন কমিটি গঠন করা হয়।
নতুন কমিটির সভাপতি হিসেবে পুনঃনির্বাচিত হন তরুণ কুমার ভট্টাচার্য। এইচ এম প্রফুল্লকে সাধারণ সম্পাদক এবং দিদারুল আলম রাজুকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়। এছাড়া জেলার ৮ উপজেলার প্রেসক্লাব সভাপতিদের সদস্য করে ২৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
উপস্থিত সবাই নতুন কমিটির প্রতি সমর্থন জানিয়ে পার্বত্য অঞ্চলের সাংবাদিকতায় আরো গতিশীলতা আনার প্রত্যাশা ব্যক্ত করেন।































