কুমিল্লা সিটি নির্বাচনে দুপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৯ মার্চ ২০২৪, ০৫:১১ পিএম


কুমিল্লা সিটি নির্বাচনে দুপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১

ছবি- সংগৃহীত।

 

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ১৯ নম্বর ওয়ার্ডে দুপক্ষের মাঝে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধ ও দুইজন আহত হয়েছেন। শনিবার (৯ মার্চ) মুন্সি এম আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ গোলাগুলির ঘটনা ঘটে। তাৎক্ষণিক-ভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

 

এছাড়া ভোটকেন্দ্র থেকে আওয়ামী লীগ সমর্থিত বাস প্রতীকের সমর্থকেরা টেবিল ঘড়ি ও ঘোড়া প্রতীকের পোলিং এজেন্টদের বের করে দিয়েছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।

 

এর আগে কুমিল্লা সিটি কর্পোরেশনে মেয়র পদের উপনির্বাচনে ভোটারদের ভয়ভীতি দেখিয়ে কেন্দ্রে আসতে বাধা দেয়ার অভিযোগ উঠে। সেই সঙ্গে বিভিন্ন কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেয়ার অভিযোগ করেছেন প্রার্থীরা। সকাল ৮টায় ভোট-গ্রহণ শুরুর পর এমন অভিযোগ করেন তারা।

 

অন্যদিকে, ভোট-গ্রহণ শুরুর পর সকালেই কুমিল্লা হাইস্কুল কেন্দ্রে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

 

উপ নির্বাচনে সকালে কেন্দ্রে ভোটার উপস্থিতি কম দেখা গেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সকাল ৮টায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট-গ্রহণ শুরু হয়। ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত।

 

এই উপনির্বাচনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

এবার দলীয় কোনো প্রতীক না থাকায় সরকার দলীয় দুইজন এবং বিএনপির বহিষ্কৃত দুই নেতা মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারের মেয়ে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. তাহসিন বাহার সূচনা বাস প্রতীকে, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নূর উর রহমান মাহমুদ তানিম হাতী প্রতীকে, বিএনপির আজীবন বহিষ্কৃত নেতা, সাবেক দুইবারের মেয়র মনিরুল হক সাক্কু টেবিল ঘড়ি প্রতীকে এবং বিএনপির আরেক বহিষ্কৃত নেতা নিজাম উদ্দিন কায়সার ঘোড়া প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

এই সিটিতে ২ লাখ ৪২ হাজার ৪৫৮ জন ভোটার ১০৫টি কেন্দ্রে ভোট দেয়ার সুযোগ পাচ্ছেন। এর মধ্যে পুরুষ ১ লাখ ১৮ হাজার ১৮২ জন, নারী ১ লাখ ২৪ হাজার ২৭৪ জন ও হিজড়া দুইজন।

 

 

Ads