বিজিবি'র অভিযানে সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত থেকে ০১ কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ
৩১ জানুয়ারি ২০২৪, ০৮:৩৮ পিএম
বিজিবি'র অভিযানে সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত থেকে ০১ কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ।
মাননীয় প্রধানমন্ত্রীর মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি যথাযথ ও কার্যকরভাবে বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবি'র অভিযানিক কর্মকাণ্ড এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সাতক্ষীরা সীমান্তে বিজিবি কর্তৃক পরিচালিত মাদকবিরোধী অভিযানে ০১ কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়েছে।
অদ্য ৩১ জানুয়ারি ২০২৪ তারিখ রাতে বিজিবি'র সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে মাদকের একটি চালান ভারত থেকে বাংলাদেশে পাচার হবে। উক্ত তথ্যের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি এর সার্বিক দিকনির্দেশনায় কাকডাঙ্গা বিওপি‘র নায়েব সুবেদার মোঃ আবু তাহের পাটোয়ারী এর নেতৃত্বে বিজিবি'র একটি চৌকষ আভিযানিকদল বর্ণিত সীমান্তের কুটিবাড়ী এলাকায় কৌশলে অবস্থান গ্রহণ করে। আনুমানিক রাত ০০.১০ ঘটিকায় একজন ব্যক্তিকে সীমান্ত থেকে পায়ে হেঁটে বর্ণিত এলাকার দিকে আসতে দেখে বিজিবি টহলদল তাকে চ্যালেঞ্জ করে। বিজিবি'র উপস্থিতি টের পেয়ে রাতের অন্ধকারের সুযোগে উক্ত ব্যক্তি একটি ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল বর্ণিত স্থানে তল্লাশি চালিয়ে তার ফেলে যাওয়া ব্যাগটি উদ্ধার করে ব্যাগের ভেতর থেকে ০১ কেজির একটি ক্রিস্টাল মেথ আইসের প্যাকেট জব্দ করে।
এ ব্যাপারে সাতক্ষীরার কলারোয়া থানায় সাধারণ ডায়েরী করতঃ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

































