অতিরিক্ত দুই কার্গো এলএনজি আমদানির অনুমোদন সরকারের

আহমেদ হোসাইন

২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পিএম


অতিরিক্ত দুই কার্গো এলএনজি আমদানির অনুমোদন সরকারের

ছবি: সংগৃহীত

দেশের গ্যাসের চাহিদা মেটাতে কাতার থেকে আরও দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির অনুমোদন দিয়েছে সরকার। দীর্ঘমেয়াদি সরকার-টু-সরকার চুক্তির আওতায় কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে এসব এলএনজি কেনা হবে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এলএনজি কেনার প্রস্তাবটি উত্থাপন করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

সরকারি ক্রয় কমিটির তথ্য অনুযায়ী, অনুমোদিত কার্গো দুটি আগামী ৬ ও ২২ নভেম্বর দেশে পৌঁছানোর সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম জাপান-কোরিয়া মার্কার (জেকেএম) ভিত্তিক মূল্যের তুলনায় শূন্য দশমিক ০২ ডলার কম নির্ধারণ করা হয়েছে। দীর্ঘমেয়াদি চুক্তিতে থাকা মূল্যের সঙ্গে নতুন এই মূল্য কাঠামোর পার্থক্য রয়েছে।

অতিরিক্ত এলএনজি সরবরাহের জন্য কাতার এনার্জি ট্রেডিং এলএলসিকে নির্ধারিত সরবরাহকারী হিসেবে সুপারিশ করা হয়েছে।

জ্বালানি চাহিদার চাপ সামাল দিতে এবং দেশের গ্যাস সরবরাহ ব্যবস্থা সচল রাখতে আমদানির মাধ্যমে এলএনজি সরবরাহ বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। নতুন দুই কার্গো দেশে এলে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ও শিল্প খাতে সরবরাহ ব্যবস্থাপনায় তা সহায়ক হতে পারে।

Ads