বরিশালে দুই লঞ্চের সংঘর্ষ শিশুসহ নিহত ২, আহত ৮
১৩ জানুয়ারি ২০২০, ০১:৪৮ পিএম
ছবি - সংগৃহীত
বরিশালের মাঝেরচরে ঘন কুয়াশার কারণে দুই লঞ্চের সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। রোববার মধ্যরাতে মেঘনা নদীতে বরিশাল থেকে ঢাকাগামী কীর্তনখোলা-১০ ও ফারহান-৯ লঞ্চের মধ্যে এ সংঘর্ষ হয়। হতাহতরা সবাই কীর্তনখোলা-১০ লঞ্চের যাত্রী। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
কীর্তনখোলা-১০ লঞ্চের মাস্টার নুরুল ইসলাম জানান, ফারহান-৯ লঞ্চে কোনো রাডার নেই। লঞ্চটি কীর্তনখোলা লঞ্চের মাঝখানে ধাক্কা দেয়। এতে লঞ্চটির ব্যাপক ক্ষতি হয়েছে।
চাঁদপুর নৌ-পুলিশের ওসি আবু তাহের জানান, আহতদের চাঁদপুরে চিকিৎসা দেয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত লঞ্চের তলদেশ অক্ষত থাকায় সেটি ঢাকার উদ্দেশ্য রওনা হয়েছে।



































