অঞ্জন’স ইন্টারন্যাশনাল র‌্যাপিড রেটিং দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন মিনহাজ

নয়ন তারা

২৬ জুন ২০২৬, ১০:৪৫ পিএম


অঞ্জন’স ইন্টারন্যাশনাল র‌্যাপিড রেটিং দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন মিনহাজ

 

ঞ্জন’স এর পৃষ্ঠপোষকতায় এবং এসএসপি স্পোর্টিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত ‘অঞ্জন’স ইন্টারন্যাশনাল র‌্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা-২০২৬’ এ অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মোঃ মিনহাজ উদ্দিন। বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় আয়োজিত এই টুর্নামেন্টে তিনি দুর্দান্ত ক্রীড়াশৈলী প্রদর্শন করেন।

প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী আট রাউন্ডের সুইস-লিগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হয়। এতে আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিন মোট ৮টি খেলার মধ্যে সাড়ে সাত পয়েন্ট সংগ্রহ করে এককভাবে শীর্ষস্থান নিশ্চিত ও শিরোপা জয় করেন।

অন্যদিকে, তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই টুর্নামেন্টে ৭ পয়েন্ট করে অর্জন করেন দুজন খেলোয়াড়। পরবর্তীতে টাইব্রেকিং পদ্ধতির হিসাব নিকাশে বাংলাদেশ আনসার ও সোনারগাঁও ইউনিভার্সিটির আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেন। সমপরিমাণ পয়েন্ট পেয়েও টাইব্রেকিংয়ে পিছিয়ে থাকায় সাধারণ বীমা কর্পোরেশনের ক্যান্ডিডেট মাস্টার মোঃ আবু হানিফ তৃতীয় স্থান লাভ করেন।

আজ সকালে দিনব্যাপী আয়োজিত এই র‌্যাপিড দাবা প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অঞ্জন’স এর চিফ অব অপারেশন মাহিন আহমেদ মোজাম্মেল। এবারের আসরে ৪ জন আন্তর্জাতিক মাস্টার, ১ জন মহিলা আন্তর্জাতিক মাস্টার, ৭ জন ফিদে মাস্টার এবং ১ জন মহিলা ফিদে মাস্টারসহ সর্বমোট ১৬৯ জন দেশী-বিদেশী দাবাড়ু অংশগ্রহণ করেন।

খেলা শেষে সন্ধ্যায় এক জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপমহাদেশের প্রথম গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অঞ্জন’স এর স্বত্বাধিকারী ও সিইও শাহিন আহমেদ এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রিয়াসাত আল ওয়াসিফ।

এবারের প্রতিযোগিতায় বিজয়ীদের মেডেলের পাশাপাশি সর্বমোট এক লক্ষ এক হাজার টাকা নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।

 

Ads