রোনালদোর জোড়া গোলে আল নাসরের বড় জয়
২৬ নভেম্বর ২০২৪, ০১:০৮ পিএম
এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ক্রিস্টিয়ানো রোনারদোর জোড়া গোলে আল গারাফারকে ৩-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে আল নাসর। এই জয়ে গ্রুপ ‘বি’তে আল হিলালকে টপকে দুইয়ে উঠে এসেছে দলটি।
৫ ম্যাচে আল নাসরের পয়েন্ট ১২। এক ম্যাচ কম খেলা আল হিলালের পয়েন্ট ১৩। তবে আজ রাতে আল সাদকে হারালে আবারও আল নাসরকে টপকে যাবে আল হিলাল। আর শীর্ষে থাকা আল আহলির পয়েন্ট ৫ ম্যাচে ১৫।
সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে থাকা রোনালদো এ নিয়ে টানা তিন ম্যাচে গোল পেলেন, করলেন ৫ গোল। আন্তর্জাতিক বিরতিতে নেশনস লিগে জাতীয় দলের জার্সিতে পোল্যান্ডের বিপক্ষে করেছিলেন জোড়া গোল। আর ক্লাবের জার্সিতে আগের ম্যাচে আল কাদিসিয়ার বিপক্ষেও পেয়েছিলেন গোল।
সোমবার রাতে ম্যাচের ৪৬ ও ৬৪ মিনিটে গোল দুটি করেন রোনালদো। দুটি গোলই রোনালদো করেন বক্সের ভেতর থেকে। প্রথম গোলটি করেন বক্সের ভেতর দারুণ এক হেডে, পরেরটি নিঁখুত শটে। এ দুই গোলের মধ্য দিয়ে সব মিলিয়ে ক্যারিয়ারে ৯১৩তম গোলে পৌঁছে গেছেন পর্তুগিজ মহাতারকা।
এদিকে চলতি মৌসুমে আল নাসরের হয়ে এটি ১৭ ম্যাচে রোনালদোর ১৩তম গোল, সঙ্গে আছে ৩টি অ্যাসিস্টও। আর ২০২৪ সালে এটি রোনালদোর ৪০তম গোল। এ দুই গোলে আরও একটি মাইলফলক স্পর্শ করেছেন রোনালদো। ৩০ পেরোনোর পর গোল ও অ্যাসিস্ট মিলিয়ে রোনালদোর অবদান এখন ৫৫০ গোলে।





































