স্থানীয় সরকার শক্তিশালী করতে কারিগরি সহায়তা গুরুত্বপূর্ণ: এলজিআরডি মন্ত্রী

মুহাম্মদ ইসমাইল হাসান

১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ পিএম


স্থানীয় সরকার শক্তিশালী করতে কারিগরি সহায়তা গুরুত্বপূর্ণ: এলজিআরডি মন্ত্রী

ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর ও শক্তিশালী করতে নরওয়ের সঙ্গে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেছেন, স্থানীয় সরকারকে শক্তিশালী করতে প্রয়োজনীয় সহযোগিতা ও কারিগরি সহায়তা গুরুত্বপূর্ণ।

বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত আরাল্ড গুলব্রান্ডসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

বৈঠকে স্থানীয় সরকার ব্যবস্থা, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন, বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কারিগরি সহায়তা এবং স্থানীয় সরকারে নারীর অংশগ্রহণ বাড়ানোসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

মন্ত্রী বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে প্রয়োজনীয় সহযোগিতা ও কারিগরি সহায়তা গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে নরওয়ের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য সহায়ক হতে পারে।

তিনি স্থানীয় সরকারে নারীর অংশগ্রহণ বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন। নারীদের আরও বেশি সম্পৃক্ত করার ক্ষেত্রে পারস্পরিক অভিজ্ঞতা ও সহযোগিতা কাজে লাগানো যেতে পারে বলে জানান তিনি।

বৈঠকে উন্নয়ন প্রকল্পে নরওয়ের কারিগরি সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। স্থানীয় সরকার ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি এবং উন্নয়ন কার্যক্রম আরও কার্যকর করতে এ ধরনের সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে মত দেন সংশ্লিষ্টরা।

এ সময় নরওয়ের বাংলাদেশ মিশনের ডেপুটি হেড আলেকজান্ডার ফাল্ক-বিল্ডেন, রাজনৈতিক উপদেষ্টা সারোয়ার জাহান চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Ads