ব্রোঞ্জও জিততে না পারায় জাতির কাছে দুঃখ প্রকাশ সালাহউদ্দিনের

স্পোর্টস ডেস্ক

০৩ অক্টোবর ২০২৬, ০৯:০৬ পিএম


ব্রোঞ্জও জিততে না পারায় জাতির কাছে দুঃখ প্রকাশ সালাহউদ্দিনের

ছবি: সংগৃহীত

এশিয়ান গেমসের ক্রিকেটে ব্রোঞ্জ পদকের ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৬৩ রানে হেরে পদকশূন্য থাকায় জাতির কাছে দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন।

শনিবার জাপানের নাগোয়ার কোরোগি স্পোর্টস পার্কে অনুষ্ঠিত ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে যায় বাংলাদেশ। টুর্নামেন্টে সোনা জয়ের লক্ষ্য নিয়ে যাত্রা করা বাংলাদেশ সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জের লড়াইয়ে নামে। তবে গুরুত্বপূর্ণ ম্যাচেও ব্যাটিং-বোলিংয়ে হতাশাজনক পারফরম্যান্স করে দলটি।

প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা ৯ উইকেটে ১৬৫ রান সংগ্রহ করে। একপর্যায়ে ২১ রানে ৪ উইকেট হারালেও পরে ঘুরে দাঁড়িয়ে বড় সংগ্রহ গড়ে তারা। শেষ ১০ ওভারে বাংলাদেশের বোলাররা তুলনামূলক বেশি রান দেন।

জবাবে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। তানজিদ হাসান তামিম, সাইফ হাসান ও অধিনায়ক লিটন দাস কোনো রান না করেই সাজঘরে ফেরেন। শেষ পর্যন্ত ১০২ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন নাসুম আহমেদ।

ম্যাচ শেষে সালাহউদ্দিন বলেন, ‘আমরা আসলে খুবই লজ্জিত। কোচ হিসেবে মনে করি, আমরা ব্যর্থ হয়েছি।’

তিনি বলেন, জাতির কাছে যে প্রত্যাশা ও প্রতিশ্রুতি ছিল, তার কিছুই তারা মাঠে বাস্তবায়ন করতে পারেননি। এ কারণে পুরো জাতির কাছে দুঃখ প্রকাশ করেন তিনি।

বাংলাদেশের পরাজয়ের জন্য ব্যাটিং ও বোলিং—দুই বিভাগকেই দায়ী করেন সালাহউদ্দিন। তাঁর মতে, কয়েকটি ওভারে বোলাররা খুব খারাপ করেছেন, বিশেষ করে টি-টোয়েন্টিতে অভিজ্ঞ প্রধান বোলাররা প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি।

ব্যাটিংয়ের ব্যর্থতা নিয়ে তিনি বলেন, পাওয়ারপ্লেতে একাধিক উইকেট হারানোর পর ম্যাচে ফিরে আসা কঠিন হয়ে পড়ে।

অধিনায়ক লিটন দাসও দলের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেন। তবে সতীর্থদের পাশে দাঁড়িয়ে তিনি বলেন, দল ব্যর্থ হয়েছে এবং ভবিষ্যতে এই ব্যর্থতা কাটিয়ে ওঠার চেষ্টা করবে।

লিটনের ভাষায়, ‘সত্যি বলতে, আমরা দল হিসেবে ভালো করতে পারিনি।’

এশিয়ান গেমসে ক্রিকেট অন্তর্ভুক্ত হওয়ার পর এর আগে তিনবার অংশ নিয়ে প্রতিবারই পদক জিতেছিল বাংলাদেশ। ২০১০ সালের আসরে স্বর্ণপদকও জিতেছিল তারা। এবার পুরুষ ও নারী—কোনো দলই পদক জিততে পারেনি, যা এশিয়ান গেমসে ক্রিকেটে বাংলাদেশের জন্য প্রথমবারের ঘটনা।

Ads