তাপমাত্রা অপরিবর্তিত থাকবে, তবে রোববার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা
১২ জুন ২০২৫, ০১:১০ পিএম
দেশে আগামী ২-৩ দিনে তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে, আগামী রোববার থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভবনা আছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এরপর হয়ত তাপমাত্রা কমার সম্ভাবনা তৈরী হতে পারে।
বৃহস্পতিবার (১২ জুন) আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান স্বাক্ষরিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
খন্দকার হাফিজুর বলেন, রাজধানীতে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৭ ডিগ্রী। রাজশাহী, রংপুর, পাবনা এবং নীলফামারিতে এ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আবহাওয়াবিদ আরও বলেন, বর্ষায় বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি, তাই ভ্যাপসা গরম বেশি অনুভূত হচ্ছে। তবে এই ভ্যাপসা গরমকে সাধারণ হিসেবেই দেখছে আবহাওয়া অধিদফতর।































