অপহরণের দায়ে যুবককে ১৪ বছরের কারাদণ্ড ও জরিমানা
২৩ এপ্রিল ২০২৫, ০৪:৩৭ পিএম
যশোরের কেশবপুরে নবম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণের দায়ে মতিউর রহমান মতি নামের এক যুবককে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ঘোষনা করে আদালত।
বুধবার (২৩ এপ্রিল) যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক গোলাম কবির এ দণ্ডাদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল লতিফ লতা।
দণ্ডাদেশ পাওয়া মতিয়ার রহমান মতি কেশবপুর উপজেলার লক্ষীনাথকাটি মাঝেরপাড়া গ্রামের হাচেন আলীর ছেলে।
দণ্ডপ্রাপ্ত মতিউর রহমান মতি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন আদালত।
মামলার বিবরণ থেকে জানা যায়, মতিউর রহমান মতি তার নিজের এলাকার নবম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে প্রেম ও বিয়ের প্রস্তাব দিত। কিন্তু এতে সাড়া না দেওয়ায় ২০২০ সালে ৩ জানুয়ারি মতি ওই ছাত্রীকে অপহরণ করে। এ ব্যাপারে ৯ জানুয়ারি ওই ছাত্রীর মা কেশবপুর থানায় একটি অপহরণ মামলা করেন। পরে কেশবপুর থানা পুলিশ যশোর কোতোয়ালী থানা পুলিশের সহযোগিতায় মেয়েটিকে যশোর সদর উপজেলার শেখহাটি এলাকার একটি বাড়ি থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে। ২০২০ সালের ২৮ জানুয়ারি পুলিশ এ মামলার অভিযোগপত্র দেয়। মতিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত বুধবার দণ্ডাদেশ দেন।


































