দুদকে হাজির হননি বেনজীর

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৩ জুন ২০২৪, ০২:১২ পিএম


দুদকে হাজির হননি বেনজীর

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ

 

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে হাজির হননি। বেনজীরের অনুরোধেই তাকে ১৬ দিনের অতিরিক্ত সময় দিয়েছিল দুদক। দ্বিতীয়বারের মতো আজ রোববার (২৩ জুন) সকাল ১০টায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুদকের তদন্ত কমিটির সামনে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছিল।

দুদক বলছে, ‘আজ রোববার হাজির না হলে বেনজীরকে আর সময় দেয়া হবে না। এর আগে গত (২৮ মে) বেনজীর ও তার স্ত্রী-সন্তানদের জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠানো হয়। এতে বেনজীরকে ৬ জুন এবং তার স্ত্রী- সন্তানদের ৯ জুন দুদকে হাজির হতে বলা হয়। যদিও আইনজীবীর মাধ্যমে দুদকে হাজির হতে আরও ১৫ দিনের সময় চান বেনজির।’

বেনজীরের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে তার পরিবারের সম্পদ অনুসন্ধান করছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার মধ্যেই গত ৪ মে সপরিবারে তিনি দেশ ছাড়েন।

এর আগে ২৮ মে বেনজীর ও তার স্ত্রী-সন্তানদের জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠানো হয়। সেই নোটিশে বেনজীরকে ৬ জুন এবং তার স্ত্রী ও সন্তানদের ৯ জুন দুদকে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছিল। কিন্তু ৫ জুন রাজধানীর সেগুনবাগিচায় দুদকের কার্যালয়ে বেনজীরের পক্ষে তার আইনজীবী আরও ১৫ দিনের সময় চেয়ে আবেদন জানান। দুদকের উপ-পরিচালকের বরাবর সময় চেয়ে আবেদনটি করা হয়। এর পরিপ্রেক্ষিতে রোববার তাকে দুদকে হাজির হতে বলা হয়।

বেনজীর আহমেদ ২০২০ সালের এপ্রিল থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি এবং ২০১৫ সালের জানুয়ারি থেকে ২০২০ সালের এপ্রিল পর্যন্ত র‌্যাবের মহাপরিচালক ছিলেন বেনজীর। তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন।

বেনজীর পরিবারের সম্পদের অনুসন্ধান অব্যাহত রেখেছে দুদক। এখন পর্যন্ত যেসব সম্পদ পাওয়া গেছে, তা জব্দের আদেশ দিয়েছেন আদালত।

সর্বশেষ বেনজীর ও তার পরিবারের সদস্যদের নামে ঢাকায় আরও আটটি ফ্ল্যাটের খোঁজ পাওয়ার কথা জানায় দুদক। এর মধ্যে ছয়টি ফ্ল্যাট ঢাকার আদাবরের একটি ভবনে। দুটি বাড্ডায়। রূপায়ন লিমিটেড স্কয়ার নামের ১৪ তলা ভবনে অবস্থিত বাড্ডার ফ্ল্যাট দুটি বাণিজ্যিক বা অফিস স্পেস।

 

Ads