খাগড়াছড়িতে বিএনপি কার্যালয় ও জিপে আগুন, জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে ৮ জন


খাগড়াছড়িতে বিএনপি কার্যালয় ও জিপে আগুন, জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে ৮ জন

খাগড়াছড়ির গুইমারা ও জেলা সদরে বিএনপির কার্যালয় এবং একটি চাঁদের গাড়িতে (জিপ) অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই সময়ে জেলার দুটি সড়কে গাছ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের বড়পিলাক এলাকার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দেওয়া হয়। এতে কার্যালয়ের আসবাবপত্রসহ পুরো স্থাপনাটি পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

অন্যদিকে মঙ্গলবার ভোরে খাগড়াছড়ি শহরের পানখাইয়া সড়কে কেএসটিসি হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা একটি জিপে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে গাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, ভোর সাড়ে ৪টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় পাঁচ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

গাড়ির মালিক মোহাম্মদ শাহীন জানান, রাতের আঁধারে ১০ থেকে ১২ জন ব্যক্তি এসে তাঁর গাড়িতে আগুন দেয়। গাড়িটি তাঁর পরিবারের একমাত্র উপার্জনের মাধ্যম উল্লেখ করে তিনি বলেন, অগ্নিকাণ্ডে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এদিকে সোমবার মধ্যরাতে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের ছয় মাইল এবং মাটিরাঙ্গা সড়কের রিছাং ঝরনা এলাকায় গাছ কেটে সড়কে ফেলে যান চলাচলে বাধা সৃষ্টি করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গাছ সরিয়ে ফেললে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান কর্মকর্তা মুকুল কুমার নাথ।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহরাওয়ার্দী জানান, অগ্নিসংযোগের ঘটনায় সন্দেহভাজন আটজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাগুলোর বিষয়ে তদন্ত চলছে।

অন্যদিকে, এসব অগ্নিসংযোগের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করেছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার। তিনি অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা এসব ঘটনায় জড়িত।

তিনি আরও অভিযোগ করেন, সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা রফিকুল আলম কারাগারে থাকলেও তাঁর সহযোগীরা বিভিন্ন মামলার আসামি হয়েও প্রকাশ্যে চলাফেরা করছেন। শহরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলছে দাবি করে সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।

তবে অগ্নিসংযোগের ঘটনায় কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার বিষয়টি জানিয়েছে পুলিশ।

Ads