খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা বিআরটিসি বাসে আগুন, ক্ষতি লক্ষাধিক টাকা


খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা বিআরটিসি বাসে আগুন, ক্ষতি লক্ষাধিক টাকা

খাগড়াছড়ি শহরের মহাজনপাড়া এলাকায় দাঁড়িয়ে থাকা বিআরটিসির একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। পুলিশের প্রাথমিক ধারণা, দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়েছে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, ভোর ৪টার কিছু আগে বাসটির পেছনের অংশে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিআরটিসির বাসটি খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে চলাচল করে। অগ্নিকাণ্ডের সময় বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন একজন সহকারী। আগুনের বিষয়টি টের পেয়ে তিনি দ্রুত বাস থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। ফলে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাবে, অগ্নিকাণ্ডে অন্তত এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু জানান, রাতের আঁধারে কেউ বাসটিতে আগুন দিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Ads