খাগড়াছড়িতে প্রান্তিক জনগোষ্ঠীর আয়বর্ধনমূলক কার্যক্রম পরিদর্শন ও পরামর্শ সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি

০২ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পিএম


খাগড়াছড়িতে প্রান্তিক জনগোষ্ঠীর আয়বর্ধনমূলক কার্যক্রম পরিদর্শন ও পরামর্শ সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের ওয়াক্রাক পাড়ায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও আয়বর্ধনমূলক কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন এবং গবাদিপশু, হাঁস-মুরগি পালন ও বসতভিটায় সবজি চাষ বিষয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে জাবারাং কল্যাণ সমিতির বাস্তবায়নে এবং হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় ‘অ্যাক্সেস টু অ্যান্ড ইউটিলাইজেশন অব লাইফসেভিং সার্ভিসেস বাই মার্জিনালাইজড কমিউনিটিজ ইন চিটাগং হিল ট্র‍্যাক্টস ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খাগড়াছড়ি সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডা. মো. ওমর ফারুক। তিনি গবাদিপশু ও হাঁস-মুরগি পালনের সঠিক পদ্ধতি, রোগ প্রতিরোধ এবং পরিচর্যার বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেন। পাশাপাশি আয়বর্ধনমূলক কর্মকাণ্ডের মাধ্যমে পরিবারের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে প্রাণিসম্পদ পালনের সম্ভাবনা তুলে ধরেন।

হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের আইজিএ স্পেশালিস্ট মালাখিন মারমা বসতবাড়ির আঙিনায় পুষ্টিকর শাকসবজি চাষের গুরুত্ব এবং শিশুদের যথাযথ যত্ন ও পুষ্টি নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

জাবারাং কল্যাণ সমিতির প্রকল্প সমন্বয়কারী বিনোদন ত্রিপুরা স্বাগত বক্তব্যে প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

প্রকল্পের খাগড়াছড়ি সদর উপজেলা কো-অর্ডিনেটর মিহির কান্তি ত্রিপুরার সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন ওয়াক্রাক পাড়ার সমাজসেবক বিন্দু ত্রিপুরা।

কর্মসূচিতে স্থানীয় উপকারভোগী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

Ads