খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ ব্যবসাপ্রতিষ্ঠান ও টমটম পুড়ে ছাই
০৬ নভেম্বর ২০২৬, ০১:৩২ পিএম
খাগড়াছড়ি পৌর এলাকার কলাবাগানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি টমটম অটোরিকশা পুড়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে কলাবাগান এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার একটি ফার্নিচারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকান ও স্থাপনায় ছড়িয়ে পড়ে। এতে কাঠের দোকান, ফার্নিচার কারখানা ও আবাসিক স্থাপনাসহ মোট ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। এ সময় একটি টমটম অটোরিকশাও পুড়ে যায়।
খবর পেয়ে খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাদের সঙ্গে স্থানীয় বাসিন্দা, বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরাও উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রমে অংশ নেন। প্রায় তিন ঘণ্টার যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ গণমাধ্যমকে বলেন, কাঠ ও টিনের তৈরি স্থাপনা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এ ছাড়া এলাকায় পানির সংকট থাকায় আগুন নেভাতে সময় লেগেছে। অগ্নিকাণ্ডে ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি টমটম অটোরিকশা পুড়ে গেছে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ নিরূপণে কাজ চলছে।





















