খাগড়াছড়িতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, দুর্ঘটনা কমাতে সমন্বিত উদ্যোগের তাগিদ


খাগড়াছড়িতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, দুর্ঘটনা কমাতে সমন্বিত উদ্যোগের তাগিদ

খাগড়াছড়িতে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, দুর্ঘটনা হ্রাস ও জনসচেতনতা বাড়ানোর তাগিদ দিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে এ সভার আয়োজন করা হয়। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) খাগড়াছড়ি সার্কেলের বাস্তবায়নে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সাদিয়া আফরিন কচির সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শেখ জাবের আহমেদ। স্বাগত বক্তব্য দেন বিআরটিএ খাগড়াছড়ি সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মুছা।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আমিনুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুমানা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও পরিবহনসংশ্লিষ্ট নেতারা।

আলোচনায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ, চালক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রশিক্ষণ, বেপরোয়া অটোরিকশা ও টমটম চলাচল নিয়ন্ত্রণ এবং পর্যটন এলাকাসহ বিভিন্ন সড়কের পাশের ঝোপঝাড় পরিষ্কারের বিষয় উঠে আসে। পাশাপাশি সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন অনুসরণ এবং চালক ও পথচারীদের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।

আয়োজকদের মতে, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও দুর্ঘটনা কমাতে চালক, পথচারী, পরিবহন মালিক এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। আইন মেনে চলার পাশাপাশি নিয়মিত তদারকি ও জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করা হয়।

Ads