ফুলে ফুলে সিক্ত জাতীয় প্রেস ক্লাব, ৫৩ পাউন্ডের কেক কেটে কাদের গনি চৌধুরীর জন্মদিন উদযাপন
৩১ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পিএম
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব মুহাম্মদ কাদের গনি চৌধুরীর ৫৩তম জন্মদিন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এ জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করেন জাতীয় প্রেস ক্লাবের সদস্য সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), জাতীয় প্রেস ক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন জাতীয় দৈনিক ও টেলিভিশন চ্যানেলের সাংবাদিকরা উপস্থিত হয়ে কাদের গনি চৌধুরীকে জন্মদিনের শুভেচ্ছা জানান।
দীর্ঘ আন্দোলন সংগ্রামের অকুতোভয় দুঃসাহসী সাংবাদিক নেতার শুভ জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক সকালের দর্পণ পত্রিকার নির্বাহী সম্পাদক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শেখ মোহাম্মদ তাজুল ইসলাম।
দুপুরের খাবার শেষে ধীরে ধীরে সাংবাদিকদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হল। প্রিয় সাংবাদিক নেতাকে শুভেচ্ছা জানাতে বিভিন্ন সংগঠন ও ব্যক্তির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। একপর্যায়ে ফুলে ফুলে ভরে ওঠে পুরো হলরুম। সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সাংবাদিক নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক মিলনমেলায়।
জন্মদিন উপলক্ষে আয়োজিত আড্ডা, শুভেচ্ছা বিনিময় ও আনন্দঘন মুহূর্ত শেষে ৫৩ পাউন্ড ওজনের একটি কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকরা করতালি ও শুভেচ্ছা ধ্বনিতে প্রিয় নেতার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও কর্মময় জীবনের সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে সাংবাদিক সমাজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সহকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি হয়ে ওঠে আনন্দঘন ও উৎসবমুখর।































