মালয়েশিয়া থেকে ১,৫০০ রোহিঙ্গা ফিরলেন মিয়ানমারে

আন্তর্জাতিক ডেস্ক

০৫ অক্টোবর ২০২৬, ১১:৩৭ এএম


মালয়েশিয়া থেকে ১,৫০০ রোহিঙ্গা ফিরলেন মিয়ানমারে

ছবি: সংগৃহীত

মালয়েশিয়া থেকে ১ হাজার ৪৭৯ রোহিঙ্গা শরণার্থী মিয়ানমারে পৌঁছেছেন। মানবাধিকার সংস্থা ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের উদ্বেগের মধ্যেই তাদের যুদ্ধবিধ্বস্ত দেশটিতে ফেরত পাঠানো হয়েছে। খবর আল জাজিরার।

মিয়ানমারের মন্ত্রী নে লিন তুন জানান, গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মালয়েশিয়া থেকে দুটি যুদ্ধজাহাজ ও একটি হাসপাতাল জাহাজে করে রওনা হওয়া ১ হাজার ৪৭৯ রোহিঙ্গা রোববার (৪ অক্টোবর) স্থানীয় সময় ভোরে দক্ষিণ ইয়াঙ্গুনে পৌঁছান।

মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটির অভিবাসী আটককেন্দ্রগুলোতে থাকা ১০ হাজার ৩০০ জনের বেশি মিয়ানমারের নাগরিকের মধ্যে ধাপে ধাপে ৫ হাজার জনকে দেশে ফেরত পাঠানো হবে।

মালয়েশিয়া কর্তৃপক্ষের দাবি, ফেরত পাঠানো সবাই স্বেচ্ছায় প্রত্যাবাসনে সম্মতি দিয়েছেন। তবে মানবাধিকার পর্যবেক্ষকরা বলছেন, রোহিঙ্গাদের সামনে কার্যত অন্য কোনো বিকল্প ছিল না।

ইউএনএইচসিআর গত সপ্তাহে জানিয়েছিল, রোহিঙ্গারা ‘প্রকৃতপক্ষেই স্বেচ্ছায়’ মিয়ানমারে ফিরেছেন কি না, তা নিশ্চিত করতে সংস্থাটির কর্মকর্তাদের তাদের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি।

সম্প্রতি মালয়েশিয়ার শরণার্থী কেন্দ্রগুলোতে দেশটির অভিবাসন বিভাগের ব্যাপক অভিযানের পর প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হয়। ২০২৬ সালে এসব অভিযানে ৫০ হাজারের বেশি শরণার্থী আটক হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মালয়েশিয়ায় রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে বিরূপ মনোভাব বৃদ্ধির প্রেক্ষাপটে গত জুলাইয়ে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম প্রত্যাবাসন প্রক্রিয়ার ঘোষণা দেন। এরই ধারাবাহিকতায় আরও সাড়ে তিন হাজারের বেশি শরণার্থীকে দ্বিতীয় দফায় মিয়ানমারে ফেরত পাঠানোর পরিকল্পনা করছে কুয়ালালামপুর।

Ads