কে হবেন ১৫ লাখ টাকার নায়িকা?

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২১ এপ্রিল ২০১৬, ১০:১০ পিএম


কে হবেন ১৫ লাখ টাকার নায়িকা?

বিনোদন ডেস্ক :: মালেক আফসারীর পরিচালনায় নতুন সিনেমা ‘রক্ত’র ঘোষণা দিয়ে মৌচাকে ঢিল ছুঁড়ল জাজ মাল্টিমিডিয়া। সিনেমাটির নায়ক-নায়িকাকে পরিচয় করিয়ে দেওয়া হবে জমকালো আয়োজন। অনুষ্ঠানটির বাজেট ১৫ লাখ। এদিকে ঢালিউডের অলি-গলিতে নায়ক-নায়িকার ধাঁধার উত্তর পেতে ব্যস্ত সবাই।

শোনা যাচ্ছে এক নায়ক-তিন নায়িকার নাম। তালিকায় আছেন দুই মডেল-অভিনেত্রী তানজিনা তিশা ও তামান্না ইসলাম। এমনকি চলে এসেছে হালের সেনসেশন পরী মনির নামও।

মডেলিং দিয়ে তানজিনা তিশার যাত্রা। তাকে দেখা গেছে বেশকিছু আলোচিত নাটক, বিজ্ঞাপন ও মিউজিক ভিডিও’তে। সম্প্রতি একটি জুসের বিজ্ঞাপন করে বেশ সাড়া পেয়েছেন তিনি। অনেকদিন ধরে তিশা জানিয়ে আসছেন, ভাল চিত্রনাট্যের আশায় আছেন, ব্যাটে-বলে মিললেই বড়পর্দায় দেখা যাবে। সে তুলনায় তামান্না ইসলাম একদমই নতুন মুখ।

আরফিন রুমির সঙ্গে একটি গানের ভিডিও’তে অংশ নিয়ে আলোচনায় আসেন তিনি। এদিকে সম্প্রতি কলকাতায় এসকে মুভিজের কর্তাব্যক্তিদের কাছে স্ক্রিনটেস্ট দিয়ে এসেছেন পরী মনি। যদিও বলা হচ্ছে, ওই সিনেমার নায়ক দেব।

এতো গেল, নায়িকা প্রসঙ্গ। নায়ক সম্পর্কে যতদূর জানা যায় মডেল জিয়াউল রোশন রিক্ত অভিনয় করতে যাচ্ছে এ সিনেমায়। এর আগে সোহেল আরমানের ‘ভ্রমর’-এ অভিনয়ের কথা থাকলেও সরে দাঁড়ান তিনি।

নতুন নায়িকার আবির্ভাবের কথা স্বীকার করে জাজের কর্নধার আবদুল আজিজ বলেন, না সম্পূর্ণ নতুন কাউকে আমরা আনছি— এটা বলতে পারি। আর গুঞ্জন থাকুক না, এ নিয়ে কথা হলে তো আমাদেরই লাভ।

১৫ লাখ টাকা বাজেট সম্পর্কে বলেন, পুরো অনুষ্ঠানে যেন আয়োজনের কমতি না থাকে তার জন্য এত বাজেট। আমরা চাই আমাদের নায়ক-নায়িকাদের যেন সবাই ভালভাবে চিনে।

প্রতিশোধের কাহিনী নিয়ে নির্মিত হচ্ছে ‘রক্ত’। নারীকেন্দ্রিক অ্যাকশনই প্রাধান্য পাবে এতে। বুধবার সন্ধ্যায় প্রকাশ হওয়া ফার্স্টলুক পোস্টারও তার আভাস দিল।

প্রয়াত ফারুক আহমেদ, আব্দুল্লাহ জহির বাবু ও পেলে ভট্টাচার্যের কাহিনীতে ‘রক্ত’র শুটিং হবে বাংলাদেশ, ভারত ও থাইল্যান্ডে। সঙ্গীত করবেন আকাশ ও স্যাভি।

Ads