ভক্তের বাড়িতে সময় কাটালেন জেমস
১৮ এপ্রিল ২০১৬, ০৬:১৩ পিএম
বিনোদন ডেস্ক :: প্রিন্স মোহাম্মদ। এক তারকার অন্ধ ভক্তের নাম। যেনতেন ভক্ত নন তিনি। তার প্রিয় তারকার জন্য যেন পুরোই পাগল। প্রিয় তারকার জন্মদিন পালন করে আসছেন বছরের পর বছর। শুধু তাই নয়, জন্মদিনে তার প্রিয় তারকাকে শুভেচ্ছা জানিয়েছেন রাজধানীতে দশটি বিলবোর্ড করে। আর তখন থেকেই যেন খবরের শিরোনামে চলে আসে এই ভক্তের নাম।
তবে যার জন্য ভক্তের এতো কিছু সেই প্রিয় তারকা হচ্ছেন জনপ্রিয় গায়ক জেমস। তার এই পাগল ভক্তকে অবশ্য তিনি চেনেন। জেমসের সঙ্গে অনেকবারই দেখা হয়েছে এই ভক্তের। আর জেমস তাকে কিশোরগঞ্জের প্রিন্স বলেই চেনে।
নগরবাউল খ্যাত জেমসের ভক্তের সংখ্যা নিশ্চয় কম নয়। কমবেশি সব ভক্তই তার জন্য পাগল। কিন্তু সব ভক্তের আবদার তো মেটানো সম্ভব নয় এই তারকার। কিন্তু প্রিন্সের পাগলামি মনে হয় একটু ব্যতিক্রম মনে হয়েছে বলেই ভক্তের আমন্ত্রণে চলে গেলেন তার বাড়িতে।
বৈশাখ উপলক্ষে ১৫ এপ্রিল বিকেলে প্রথমবার কিশোরগঞ্জের হোসেনপুরে একটি কনসার্টে গান করেছেন জেমস। প্রিন্সের আমন্ত্রণেই এই কনসার্টে গান গাওয়া তার। তবে তার আগে হোসেনপুরে ভক্ত প্রিন্সের বাড়িতে যান জেমস। প্রিয় তারকার জন্য আয়োজনের কোনো কমতি রাখেননি ভক্ত। প্রিন্সের মা নিজ হাতে রান্না করেন। ভক্তের মায়ের হাতের রান্না খেয়ে প্রশংসাও করেছেন জেমস।
ছেলের এমন পাগলামি দেখে ভক্তের মাও যেন জেমসের কাছে আবদার করে বসলেন। জেমস্কে জানালেন, তার ছেলের বিয়ে আগামী বছর আর তিনি যেন সেই বিয়েতে উপস্থিত থাকেন। জেমস অবশ্য নিরাশ করেননি তাদের। জানিয়েছেন, তিনি অবশ্যই থাকার চেষ্টা করবেন।
প্রায় এক ঘণ্টার মতো সেই ভক্তের সঙ্গে সময় কাটান জেমস। এরপর যে কনসার্টের জন্য যেতে হবে জেমসকে। গন্তব্যস্থলে যেতে যেতে আবারো তার প্রিয় তারকাকে চমকে দেন প্রিন্স। একটি রাস্তা দেখিয়ে তিনি বলেন এই রাস্তার নামকরণ করা হয়েছে আপনার নামে। ২০০২ সালে কিশোরগঞ্জে হোসেনপুর উপজেলা সদরের এই রাস্তার নামকরণ করেছেন জেমস রোড। সরকারি নথিতে সেটা উল্লেখ না থাকলেও এ রাস্তাটাকে এ নামেই এখন সবাই চেনে।
এরপর বিকেল সাড়ে ৪টায় কনসার্টে অংশ নেন জেমস। এ সময় জেমস বলেন, ‘আমি এখানে গাইতে এসেছি আমার এক ভক্তের আমন্ত্রণে। তার নাম প্রিন্স। আপনারা প্রিন্সের জন্য দোয়া করবেন।’
এরপর একে একে জেমস গেয়ে শোনান তার জনপ্রিয় সব গান।
২০০০ সাল থেকে জেমসের ভক্ত প্রিন্স মোহাম্মদ। তার বেশির ভাগ সময় কাটে জেমসের গান শুনেই। ঢাকার রাজাবাজারে থাকেন তিনি।আর কিশোরগঞ্জে করেছেন পড়াশোনা।


























