গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা চলাকালীন যেসব নির্দেশনা ইবি কর্তৃপক্ষের
২৪ এপ্রিল ২০২৫, ০৪:২৪ পিএম
আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রস্তুত ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্র। নিরাপত্তার স্বার্থে ভর্তিচ্ছু শিক্ষার্থী, বর্তমান অধ্যায়নরত শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারী ও বহিরাগতদের জন্য বেশ কিছু নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ভর্তি পরীক্ষার জন্য কুষ্টিয়া থেকে ছাত্র-ছাত্রীদের আনা-নেয়ার রিজার্ভ গাড়ীগুলো শান্তি-ডাঙ্গায় থামবে এবং ছাত্র-ছাত্রীদের ভেতর নামানোর পর গাড়ীগুলো মধুপুর স্কুল মাঠে অবস্থান করবে। এবং ঝিনাইদহ থেকে ছাত্র-ছাত্রীদের আনা-নেয়ার রিজার্ভ গাড়ীগুলো শেখপাড়ায় থামবে এবং ছাত্র-ছাত্রীদের নামানোর পর গাড়ীগুলো ডি.এম কলেজ মাঠে অবস্থান করবে।
ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে মেইন গেইট দিয়ে কেবল মাত্র পরীক্ষার্থীরা প্রবেশ করবে। তাঁদের অভিভাবকগণ থানা গেইট দিয়ে প্রবেশ করবেন। সেখানে তাঁদের জন্য অভিভাবক কর্ণার রয়েছে।
পরীক্ষা চলাকালীন ক্যাম্পাসে ভিতরে ঘাসকাটা লোক, বহিরাগত, গরু, ছাগল এবং সাইকেল, মটরসাইকেল, ভ্যান ও অন্যান্য যানবাহন চলাচল সম্পূর্ণরুপে নিষেধ।
তবে ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের ব্যক্তিগত কারগাড়ি, বাইসাইকেল কিংবা মটরসাইকেল রাখার জন্য ডরমেটরির ৩নং গেটে নির্ধারিত জায়গার ব্যবস্থা করা হয়েছে। নির্ধারিত স্থানের বাইরে ক্যাম্পাসে কোন অবস্থায় ব্যক্তিগত যানবাহন চালানো যাবে না।
এছাড়া ভর্তি পরীক্ষার দিনগুলিতে ক্যাম্পাসের ভেতর সব ধরণের দোকানপাট সকাল ১০.০০ টা হতে বিকাল ২.০০ পর্যন্ত বন্ধ রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র- ছাত্রীদের সার্বক্ষনিক আই.ডি কার্ড বহন করতে হবে, এবং হলের আবাসিক ছাত্র -ছাত্রীদের পরীক্ষা চলাকলীন জরুরী প্রয়োজন ব্যতিরেকে হলের বাইরে না যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তবে লালনশাহ হল গেট ও শাহ আজিজুর রহমান হল গেট ছাত্র-ছাত্রীদের জন্য নিয়মিত উন্মুক্ত থাকবে।
উপরিউক্ত আদেশসমূহ অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত কর্তৃক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
উল্লেখ্য, ক্যাম্পাসে ও ক্যাম্পাস সংলগ্ন এলাকা সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষনিক পর্যবেক্ষন করা হবে।
























