ক্যাম্পাসে দ্রুত জিয়া স্মৃতি সংগ্রহশালা নির্মাণের ঘোষণা ইবি উপাচার্যের


ক্যাম্পাসে দ্রুত জিয়া স্মৃতি সংগ্রহশালা নির্মাণের ঘোষণা ইবি উপাচার্যের

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ শহিদ জিয়াউর রহমান স্মৃতি সংগ্রহশালা নির্মাণের ঘোষণা দিয়ে বলেছেন, “এখানে শহীদ জিয়ার স্মৃতি সংরক্ষণ করার জন্য সংগ্রহশালা হবে, তার আদর্শ চর্চিত হবে। ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে যে প্রতিষ্ঠা লাভ করেছিল সেটি লক্ষ্য পূরণে চেষ্টা করা হবে।”

বুধবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন শেষে সংক্ষিপ্ত বক্তৃতায় উপাচার্য এসব কথা বলেন।

উপাচার্য শহিদ জিয়াউর রহমানের অবদান ব্যাখ্যা করতে গিয়ে বলেন, জাতি যখন একটি ক্রান্তিকালীন অতিক্রম করেছিল এবং হতাশার মধ্যে যখন সময় যাচ্ছিল। তখন স্বাধীনতার ঘোষণার মাধ্যমে বাংলাদেশের জনগণকে পুনর্জীবিত করেছে। একজন মেজর বা সেনাবাহিনীর লোক যখন স্বাধীনতার ঘোষণা দেয় তখন সবার মনে আশার সঞ্চার হয়। তৎকালীন একজন মেজর হয়েও জাতির জন্য এবং স্বাধীনতার জন্য তিনি এই দায়িত্ব গ্রহণ করেছেন। এই জন্য আজকের দিনে তাকে স্মরণ করছি। বাংলাদেশের ইতিহাসে অবিচ্ছেদ্য অংশ হিসেবে তিনি চিরদিন বেঁচে থাকবেন। শহিদ জিয়াউর রহমান একই সাথে একটি দেশের স্বাধীনতার ঘোষক এবং এই ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা— এটা আমাদের জন্য পরম সৌভাগ্যের ব্যাপার।”

উল্লেখ্য, স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর স্থাপিত ভিত্তিপ্রস্তরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য। এ সময় উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) তাঁর সাথে ছিলেন। পরে জিয়া পরিষদ, ইউট্যাব, জাতীয়তাবাদী কর্মকর্তা-কর্মচারী ফোরাম, ইসলামী বিশবিদ্যালয় শাখা ছাত্রদল পুষ্পস্তবক অর্পণ করে। পুষ্পস্তবক অর্পণ শেষে প্রদত্ত সংক্ষিপ্ত বক্তৃতা ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Ads