মানিকগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মানববন্ধন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৩ এপ্রিল ২০২৩, ০৫:২৯ পিএম


মানিকগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মানববন্ধন

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।

 

কালো আইন বা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মানববন্ধন করেছে মানিকগঞ্জ জেলা প্রেসক্লাব।
 

সোমবার  (৩ এপ্রিল) সকালে মানিকগঞ্জ  পাবলিক লাইব্রেরি  সামনে আয়োজিত গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা, ডিজিটাল নিরাপত্তা আইন এবং সারাদেশে গ্রেপ্তারকৃত সাংবাদিকদের নিঃশর্তে মুক্তির দাবীতে  মানববন্ধন করেন মানিকগঞ্জ জেলা প্রেসক্লাব।  

 

এসময় মানিকগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস.এম নুরুজ্জামান বলেন,ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে সাংবাদিকদের কণ্ঠ রোধ করা হচ্ছে । এই কালো আইনে বারবার সাংবাদিকরা নির্যাতনের শিকার হচ্ছে। আমরা অবিলম্বে প্রথম আলোর সাংবাদিক শামসসহ সারাদেশের গ্রেপ্তারকৃত সাংবাদিকদের নিঃশর্ত মুক্তি চাই।

 

মানিকগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বলেন,  গত কয়েকদিন আগে প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনে আটক বা গ্রেপ্তার নতুন কিছু নয়। গত চার বছরে প্রায় ১১০০ মামলা হয়েছে এই ডিজিটাল নিরাপত্তা আইনে। গত এক মাসের সাত জন সাংবাদিককে আটক করা হয়েছে।

 

তিনি বলেন, এই ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে জনগণের কণ্ঠ রোধ করা হচ্ছে।   রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে গণমাধ্যম কিন্তু সেই গণমাধ্যম আজও স্বাধীন নয়। দেশের গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার জন্য এই সরকার যে কালো আইন করেছে তার মাধ্যমে বারবার সাংবাদিকদের নির্যাতন করা হচ্ছে। এই কাল আইন থেকে কেউই রেহায় পাচ্ছে না। ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী ও রাজনৈতিকদের হয়রানি করা হচ্ছে।

 

তিনি বলেন, প্রথম আলোর সাংবাদিক ও সম্পাদকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শুধু প্রথম আলো নয়, গত দুই দিন আগে চট্টগ্রামের এক যুবলীগ নেতা দৈনিক যুগান্তরের সাংবাদিক মাহবুবুল আলম লাভলু ভাইয়ের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে। এই কালো আইনে গ্রেপ্তারকৃত সকল সাংবাদিকদের নিঃশর্ত মুক্তি চাই।

 

এসময় মানববন্ধনে দৌলতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ.বি.খান বাবু, হরিরামপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার চৌধুরী, সাটুরিয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মানিকগঞ্জ জেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তজুমুদ্দিন সরকার, অর্থ সম্পাদক বাবুল আহমেদ,  সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন সাইফুল, বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

Ads