নরসিংদীতে সিলেট থেকে ছেড়ে আসা সুরমা মেইল ট্রেনের ইঞ্জিনে আগুন
২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৫৮ পিএম
ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।
নরসিংদীর রায়পুরায় সিলেট-ঢাকা রেললাইনে সিলেট থেকে ছেড়ে আসা সুরমা মেইল ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার সংবাদ পাওয়া গেছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে রায়পুরার দৌলতকান্দি রেলস্টেশন এলাকায় এ আগুন লাগে।এ ঘটনায় ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ট্রেনচালক এম এইচ হাজারী বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেনটি ৬টা ৪ মিনিটে ভৈরব ছাড়ে। ৬টা ১২ মিনিটে দৌলতকান্দি স্টেশনে পৌঁছার আগেই হঠাৎ করে ইঞ্জিনে ধোঁয়া দেখতে পান রেলের কর্মচারী ও কর্মকর্তারা। এর কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।তিনি আরো বলেন, ট্রেনের ইঞ্জিনের বাম পাশের পিছনের চাকা অতিরিক্ত গরম হয়ে অগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।দৌলতকান্দি স্টেশনের স্টেশন মাস্টার সামসুল হক বলেন, রাতে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুরমা ১০ নম্বর মেইল আপ ট্রেনটি সকাল ৬টা ১২ মিনিটে দৌলতকান্দি রেলস্টেশনে পৌঁছালে ইঞ্জিনের চাকায় আগুন জ্বলতে শুরু করে। দৌলতকান্দি রেলস্টেশনে পৌঁছানোর পর ট্রেনটি থামিয়ে চালক ও কর্মচারীরা এসে পানি দিয়ে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনে। পরে রায়পুরা ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে।পরে আখাউড়া থেকে আসা অতিরিক্ত ইঞ্জিন লাগিয়ে যাত্রীদের নিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।



































