হরিরামপুরে আগুনে পুড়লো বন বিভাগের গাছ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৫৬ পিএম


হরিরামপুরে আগুনে পুড়লো বন বিভাগের গাছ

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।

 

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় আগাছা পোড়াতে জমিতে দেওয়া আগুনে বন বিভাগের প্রকল্পের ৬০টি গাছ পুড়ে গেছে। এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন উপজেলা প্রশাসন।

 

সম্প্রতি হরিরামপুর উপজেলার হারুকান্দি ইউনিয়নের নারায়নকান্দি চরে এ ঘটনা ঘটে বলে হরিরামপুর উপজেলা বন কর্মকর্তা মো. মোশাররফ হোসেন জানান।

 

শুক্রবার  তিনি বলেন, “হারুকান্দির চরাঞ্চলের তিন কিলোমিটার জুড়ে থাকা রোপনকৃত বনে তিন হাজারের বেশি গাছ রয়েছে। কিন্তু সম্প্রতি নারায়নকান্দি থেকে গরীবপুর গুচ্ছ গ্রাম সড়কের জারুল, কড়ই, মেহেগনি, বাবলা, কদমসহ ৬০ টি গাছ পুড়িয়ে দেওয়া হয়েছে। তারমধ্যে কিছু গাছ পানি দিয়ে পরিচর্যা করা হচ্ছে।

 

স্থানীয় চেয়ারম্যান শেখ মোশাররফ হোসেন বলেন, “জমিতে আগাছা পরিষ্কার করতে গিয়ে জমিতে আগুন দেন দুর্বৃত্তরা। পরে বনের গাছগুলো পুড়েছে।”

 

হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান বলেন, “বন বিভাগ থেকে গাছ পুড়ানোর ঘটনা আমাকে জানিয়েছেন।  তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। আর বনে শিগগিরই নতুন করে গাছ রোপণ করব।”

 

উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান বলেন, উপজেলা বন বিভাগ থেকে আমাকে জানিয়েছেন। তদন্ত করে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

Ads