ঘন কুয়াশায় থমকে গেছে মাদারীপুর
২৪ নভেম্বর ২০২১, ০৭:৩৭ পিএম
ঘনকুয়াশায় গন্তব্যের উদ্দেশ্যে এক সাইকেল আরোহী। ছবি-প্রতিনিধি
কয়েকদিনের শীত আর ঘন কুয়াশার প্রকোপ বেড়ে যাওয়ায় স্থবির হয়ে পড়েছে পদ্মা নদীর তীরবর্তী জেলা মাদারীপুরের জনজীবন। শীত কম থাকলেও কুয়াশার মাত্রা বেশি। কুয়াশার কারণে সামনে কোনো কিছুই দেখা যাচ্ছে না। সকাল ৮টার দিকেও দেখা মেলেনি সূর্যের।
শিবচর হাইওয়ে থানা সূত্র জানিয়েছে, ভোর থেকে মহাসড়কে দ‚রপাল্লার গাড়ির চাপ নেই। যে কয়েকটি গাড়ি চলছে, তাদের মধ্যেও রয়েছে দীর্ঘ বিরতি। কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে চালকদের। স্থানীয় বাজারের দোকানিরা বলেন, কুয়াশার কারণে বাজারে ক্রেতাদের যাতায়াত কম। দোকানপাটও কম খুলেছে।
শিবচরের বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, সড়কপথে ঘন কুয়াশা দেখা গেলেও নৌপথে কুয়াশা কম। ফলে ফেরি চলাচলে তেমন কোনো সমস্যা হচ্ছে না। সকাল থেকেই ফেরি চলছে। তবে কুয়াশা থাকায় ফেরির গতি কিছুটা ধীর।
বিআইডব্লিউটিসি বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিনন আহমেদ বলেন, নৌপথে কুয়াশা কিছুটা কম। ফেরি চলাচল অব্যাহত রয়েছে। বিকেল ৪টা পর্যন্ত চারটি ফেরি নৌপথে চলাচল করবে বলে জানান তিনি।
ও/এফ




































