রাজবাড়ীতে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতিকে গুলি করে হত্যা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১২ নভেম্বর ২০২১, ০৫:৪৯ পিএম


রাজবাড়ীতে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতিকে গুলি করে হত্যা

ছবি- সংগৃহীত।

 

রাজবাড়ীর বানিবহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বানিবহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মিয়াকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আসন্ন চতুর্থ ধাপে ২৩ ডিসেম্বর বানিবহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান মনোনয়নপ্রত্যাশী ছিলেন তিনি।

 

বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে বানিবহ ইউনিয়নের নিজ বাড়ির তিন রাস্তার মোড়ে তাকে গুলি করে দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজ ও হাসপাতলে নিয়ে যায়।

 

হাসপাতালে তার অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।


নিহতের স্ত্রী শেফালি বেগম বলেন, আমার স্বামী টানা ৯ বছর চেয়ারম্যান ছিলেন। এবারও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছিলেন। তার জনপ্রিয়তা দেখেই সন্ত্রাসীরা তাকে হত্যা করেছে।

 

তিনি বলেন, আমার স্বামী বঙ্গবন্ধুর আদর্শের নেতা ছিলেন। আমার স্বামীকে যারা হত্যা করেছে তাদের বিচার দাবি জানাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে।

 

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দীন বলেন, আমাদের পুলিশ ফোর্স ঘটনাস্থলে যাচ্ছেন। তাকে কী কারণে হত্যা করা হয়েছে সেটা উদঘাটনের চেষ্টা করা হচ্ছে। তবে আমরা প্রাথমিকভাবে নির্বাচন ও ব্যবসা-বাণিজ্যবিষয়ক দ্বন্দ্বকে গুরুত্ব দিয়ে এগোচ্ছি।

Ads