রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৪৬

নিজস্ব প্রতিবেদক

২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ এএম


রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৪৬

ছবি: সংগৃহীত

রাজধানীতে অপরাধ ও মাদকবিরোধী নিয়মিত অভিযানে ৫৪৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন অভিযোগে ৬২টি মামলা দায়েরের পাশাপাশি মাদকদ্রব্য ও বিস্ফোরক-সংশ্লিষ্ট আলামত উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

ডিএমপি জানায়, অভিযানে রমনা বিভাগ থেকে ৩৭ জন, লালবাগ বিভাগ থেকে ৪৫ জন, ওয়ারী বিভাগ থেকে ৭৭ জন, মতিঝিল বিভাগ থেকে ৭৩ জন, তেজগাঁও বিভাগ থেকে ১০৯ জন, মিরপুর বিভাগ থেকে ১২৫ জন, গুলশান বিভাগ থেকে ৪২ জন এবং উত্তরা বিভাগ থেকে ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে তিনজন এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানকালে বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৪ কেজি ১২০ গ্রাম গাঁজা, ২ হাজার ১৯৬ পিস ইয়াবা, ৫১ গ্রাম হেরোইন, ৩০ বোতল বিদেশি মদ, পাঁচটি মোবাইল ফোন ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Ads