আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের তাগিদ মীর হেলালের
২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ এএম
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সরকারি উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। মঙ্গলবার রাতে খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সার্বিক সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয় নিয়ে আয়োজিত বিশেষ সভায় তিনি এ গুরুত্বারোপ করেন।
মঙ্গলবার রাত ৮টায় অনুষ্ঠিত সভায় জেলার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বিভাগীয় দপ্তরপ্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনজীবী, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সরকারি কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়া।
এ সময় খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক, ডিজিএফআইয়ের ডেট কমান্ডার, জেলা প্রশাসক, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান, পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে মঙ্গলবার খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পার্বত্য জেলা পরিষদের আওতাধীন প্রায় ৪ কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ে দুটি উন্নয়ন প্রকল্পের নির্মাণকাজ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ও সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।
প্রকল্প দুটির মধ্যে মাটিরাঙ্গা নতুনপাড়া মসজিদের ভবন নির্মাণে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৫০ লাখ টাকা। অন্যদিকে মাটিরাঙ্গা তপ্ত মাস্টারপাড়া ব্রিজ নির্মাণ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ১৮ লাখ ৮৯ হাজার ৮৭০ টাকা। ব্রিজটির দৈর্ঘ্য ৪৮ দশমিক ৮৫ মিটার।
উদ্বোধন উপলক্ষে স্থানীয় বাসিন্দারা অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে অতিথিরা মসজিদ ভবন ও ব্রিজ নির্মাণকাজের উদ্বোধন করেন।
স্থানীয়দের আশা, প্রকল্প দুটি বাস্তবায়িত হলে এলাকার ধর্মীয় অবকাঠামো ও যোগাযোগব্যবস্থার উন্নয়নসহ স্থানীয় মানুষের চলাচলে সুবিধা সৃষ্টি হবে।
উদ্বোধন শেষে প্রকল্পগুলোর সফলতা, এলাকার শান্তি-সমৃদ্ধি এবং মানুষের কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।



































