যশোর মা ও শিশু কল্যাণ কেন্দ্র ৫০ শয্যায় উন্নীত হবে: আমিত
১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ পিএম
ছবি: সংগৃহীত
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম আমিত বলেছেন, যশোর মা ও শিশু কল্যাণ কেন্দ্রকে ধীরে ধীরে ৫০ শয্যার হাসপাতালে উন্নীত করা হবে।
শুক্রবার কেন্দ্রটিতে সিজারিয়ান (সিজি) অপারেশন সেবা উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আমিত বলেন, বর্তমানে ২০ শয্যার এ প্রতিষ্ঠানটি প্রথমে ৩০ শয্যায় এবং পরবর্তী সময়ে ৫০ শয্যায় উন্নীত করা হবে।
জেলা পরিবার পরিকল্পনা বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।
প্রতিমন্ত্রী বলেন, যশোর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের প্রাঙ্গণে ২০২৮ সালের জুনের মধ্যে একটি নয়তলা ভবন নির্মাণ করা হবে।
তিনি আশা প্রকাশ করেন, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদনের অপেক্ষায় থাকা প্রকল্পটি অনুমোদন পাবে।
আমিত বলেন, এ কেন্দ্রে আগে সিজারিয়ান অপারেশন কিংবা মিডওয়াইফারি সেবার কোনো ব্যবস্থা ছিল না। তিনি বলেন, স্বাস্থ্যসেবাদানকারীদের খেয়ালখুশিমতো বা অপরিকল্পিতভাবে সেবা দেওয়া থেকে বিরত থাকতে হবে এবং জনগণের জন্য মানসম্মত, নিরাপদ ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে।
এর আগে প্রতিমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে যশোর শহর বিএনপির ১ নম্বর ওয়ার্ড ইউনিট আয়োজিত পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন খান খোকন।
জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক দিলদার হোসেন স্বাগত বক্তব্য দেন।




























