খাগড়াছড়িতে হোটেল-রেস্টুরেন্টে অভিযান: বাসি খাবার ও মেয়াদহীন পণ্যে ৫০ হাজার টাকা জরিমানা
২৫ আগস্ট ২০২৬, ০৯:০০ এএম
ছবি: সংগৃহীত
খাগড়াছড়ি শহরের হোটেল, রেস্টুরেন্ট ও মিষ্টির দোকানে অভিযান চালিয়ে পচা-বাসি খাবার, অপরিচ্ছন্ন রান্নাঘর ও মেয়াদহীন খাদ্যপণ্য রাখার অভিযোগে তিন প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি রেস্টুরেন্টের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) খাগড়াছড়ি শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন খাগড়াছড়ি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক মুজিবুর রহমান।
অভিযানে শহরের নোয়াখালী হোটেলে পচা-বাসি খাবার রাখা এবং রান্নাঘর অপরিচ্ছন্ন থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
সাতকানিয়া হোটেলে খোলামেলা স্থানে খাবার রাখা, বাসি সিঙাড়া প্যাকেটজাত করে সংরক্ষণ এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাবার রাখার অভিযোগে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ২০ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
শহরের শাপলা চত্বরের শহীদ কাদের সড়কে অবস্থিত বনফুলের মিষ্টির দোকানে মেয়াদ উল্লেখ না থাকা মিষ্টি ও শিশুখাদ্য রাখার অভিযোগে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
এ ছাড়া পানবাজার এলাকায় পুকুরের ওপর অবস্থিত ইনসাফ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান চালিয়ে নিরাপদ খাদ্য আইনের আওতায় অনিয়মের বিষয়ে বিশুদ্ধ খাদ্য আদালতে নিয়মিত মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযানকালে শহরের কয়েকটি আবাসিক হোটেলও পরিদর্শন করা হয়। হোটেল কর্তৃপক্ষকে অতিথিদের যথাযথ রেজিস্টার ও লগবই সংরক্ষণ এবং আইনবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, খাদ্যপণ্যের মান, পরিচ্ছন্নতা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে ভোক্তাদেরও খাবার কেনার আগে মেয়াদ, সংরক্ষণব্যবস্থা ও পরিবেশ সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
































