খাগড়াছড়িতে পাঁচ বস্তা গুইসাপসহ নারী আটক


খাগড়াছড়িতে পাঁচ বস্তা গুইসাপসহ নারী আটক

খাগড়াছড়ি জেলা শহরের চেঙ্গী স্কয়ার এলাকা থেকে পাঁচ বস্তা গুইসাপসহ প্রেমরাছো মারমা (৪৭) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট ২০২৬) রাতে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ অভিযানে গুইসাপগুলো উদ্ধার করা হয়।

জেলা প্রশাসন ও বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চেঙ্গী স্কয়ার এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাঁচ বস্তায় থাকা মোট ২৪টি গুইসাপ উদ্ধার করা হয়। এর মধ্যে ১০টি জীবিত এবং ১৪টি মৃত ছিল।

আটক প্রেমরাছো মারমা পানছড়ি উপজেলার কুরাদিয়াছড়া গ্রামের অংগিও মারমার স্ত্রী। জিজ্ঞাসাবাদে তিনি জানান, চট্টগ্রামের বারইয়ারহাট থেকে ২২ হাজার টাকায় গুইসাপগুলো কিনে বিক্রির উদ্দেশ্যে খাগড়াছড়িতে নিয়ে আসেন।

অভিযান শেষে তাকে খাগড়াছড়ি সদর থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় নিয়মিত মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দুর্জয় গোস্বামী।

খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা জানান, উদ্ধার হওয়া ১০টি জীবিত গুইসাপকে আলুটিলার প্রাকৃতিক বনে অবমুক্ত করা হয়েছে। আর মৃত ১৪টি গুইসাপ মাটিচাপা দেওয়া হয়েছে। তিনি বলেন, বন্যপ্রাণী প্রকৃতির গুরুত্বপূর্ণ অংশ। বন্যপ্রাণী ধরা বা শিকার করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বন্যপ্রাণী সংরক্ষণে বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

Ads