খাগড়াছড়িতে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

রতন বৈষ্ণব ত্রিপুরা

০৪ আগস্ট ২০২৬, ১০:৩৫ এএম


খাগড়াছড়িতে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

পার্বত্য খাগড়াছড়ির রামগড় উপজেলায় নিজের পুত্রবধূকে একাধিকবার ধর্ষণের অভিযোগে দেলোয়ার হোসেন (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩ আগস্ট) বিকেলে ভুক্তভোগী নারী নিজে থানায় এসে লিখিত অভিযোগ দেওয়ার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

​ঘটনার বিবরণ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ​অভিযুক্ত দেলোয়ার হোসেন রামগড় উপজেলার ২ নম্বর পাতাছড়া ইউনিয়নের থলিবাড়ি এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে। পেশায় তিনি একজন সিএনজি অটোরিকশা চালক। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত দেলোয়ারের দুই স্ত্রী ও ছয় সন্তান রয়েছে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত শ্বশুর দীর্ঘদিন ধরে সুযোগ বুঝে ভুক্তভোগী গৃহবধূকে নানাভাবে কুপ্রস্তাব ও যৌন নির্যাতন চালিয়ে আসতেন। সামাজিক লজ্জা, মানসম্মান এবং সংসার ভেঙে যাওয়ার ভয়ে ভুক্তভোগী এতদিন বিষয়টি চেপে যান। কিন্তু গত রোববার রাতে অভিযুক্ত জোরপূর্বক তাকে ধর্ষণ করেন। পরবর্তীতে চরম মানসিক আঘাত ও ক্ষোভ নিয়ে নীরবতা ভেঙে সোমবার থানায় উপস্থিত হয়ে আইনি আশ্রয়ের পথ বেছে নেন ওই নারী। প্রায় ১৬ মাস আগে তার ছেলের সঙ্গে ভুক্তভোগীর বিয়ে হয়। স্বামী চট্টগ্রামে একটি প্রতিষ্ঠানে গাড়ি চালকের চাকরি করার সুবাদে সেখানেই অবস্থান করেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজির আলম জানান, পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে একটি লিখিত অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। বর্তমানে মামলা রুজু করা রয়েছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Ads