খাগড়াছড়ির মাটিরাঙ্গা রামগড় সীমান্ত সড়কে করলিয়া প্রকল্পের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন


খাগড়াছড়ির মাটিরাঙ্গা রামগড় সীমান্ত সড়কে করলিয়া প্রকল্পের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

রিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঘোষিত পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ি পার্বত্য জেলায় ‘করলিয়া’ প্রকল্পের উদ্যোগে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২ আগস্ট ২০২৬) সকাল থেকে দিনব্যাপী খাগড়াছড়ির মাটিরাঙ্গা-রামগড় সীমান্ত সড়কের বিভিন্ন স্থানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে এবং ইউএনডিপি-ইআরআরডি-সিএইচটি প্রকল্পের সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শুধু গাছ লাগালেই হবে না, গাছের সঠিক পরিচর্যাও নিশ্চিত করতে হবে। যে এলাকায় গাছ রোপণ করা হয়েছে, সেখানে সংশ্লিষ্ট উপকারভোগী কমিটিকে নিয়মিত পরিচর্যা ও তদারকির দায়িত্ব পালন করতে হবে।” তিনি আরও বলেন, যে কমিটি রোপণ করা গাছের সর্বোচ্চ পরিচর্যা করে সাফল্যের সঙ্গে বড় করে তুলতে পারবে, তাদের পুরস্কৃত করা হবে।

এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় ‘করলিয়া’ প্রকল্পের জেলা কর্মকর্তা নবলেশ্বর দেওয়ানের সভাপতিত্বে বক্তব্য দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ধনেশ্বর ত্রিপুরা, গুইমারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হরিপদ ত্রিপুরা, মাটিরাঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম এবং মাটিরাঙ্গার ধনিরাম পাড়ার কার্বারী ধরনী ত্রিপুরা।

এ সময় প্রকল্পের টেকনিক্যাল অফিসার, মনিটরিং অফিসার, উপজেলা ক্লাইমেট ফ্যাসিলিটেটর, নারী জলবায়ু সহনশীল কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, খাগড়াছড়ি জেলায় ‘করলিয়া’ প্রকল্পের আওতায় চলতি বছরে ২১ হাজারের বেশি বৃক্ষরোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে রোববার মাটিরাঙ্গা-রামগড় সীমান্ত সড়কের বিভিন্ন স্থানে এক হাজারেরও বেশি বৃক্ষের চারা রোপণ করা হয়েছে।

Ads