খাগড়াছড়িতে সেনাবাহিনীর ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’ উদ্বোধন
২২ জুন ২০২৬, ০৫:৪২ এএম
পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রোববার (২১জুন ২০২৬) সকালে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি, চারা বিতরণ এবং একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে. এম. ওবায়দুল হক, এএফডব্লিউসি, এনডিসি, পিএসসি। বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, খাগড়াছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আমিনুর রহমান (পিএসসি), অতিরিক্ত পুলিশ সুপার মো. সাজ্জাদ হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এন. আফছার, বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিয়াসহ অন্যান্য অতিথিরা।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। একটি সবুজ ও বাসযোগ্য দেশ গড়তে সকলকে বৃক্ষরোপণ কর্মসূচিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তারা।
পরে অতিথিরা বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন এবং সাধারণ মানুষের মাঝে চারা বিতরণ করেন। অনুষ্ঠানে সেনাবাহিনীর কর্মকর্তা, জেলা প্রশাসনের প্রতিনিধিবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের সদস্য এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বাংলাদেশ সেনাবাহিনীর জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন কার্যক্রমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্য তুলে ধরা হয়।
































