পার্বত্য চুক্তি বাস্তবায়ন, ভূমি সমস্যা সমাধান ও শান্তি প্রতিষ্ঠায় সংলাপের আহ্বান


পার্বত্য চুক্তি বাস্তবায়ন, ভূমি সমস্যা সমাধান ও শান্তি প্রতিষ্ঠায় সংলাপের আহ্বান


পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন, ভূমি কমিশনকে কার্যকর করা, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং পার্বত্য অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় রাজনৈতিক সংলাপ জোরদারের দাবি জানিয়েছেন খাগড়াছড়ির বিশিষ্টজনেরা। একই সঙ্গে পাহাড়ে চাঁদাবাজি, মাদক ও অনলাইন জুয়ার বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার (২ জুন ২০২৬) বিকেলে খাগড়াছড়ি শিশু একাডেমি মিলনায়তনে জেলা বিএনপির আয়োজনে খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঁঞার সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব দাবি ও মতামত তুলে ধরেন বক্তারা।

সভায় সভাপতির বক্তব্যে সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঁঞা বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি ও উন্নয়ন নিশ্চিত করতে হলে সকল পক্ষকে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, শুধু একজন ব্যক্তি বা একটি পক্ষ শান্তি চাইলে হবে না, সংশ্লিষ্ট সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমার সঙ্গে সরকারের আরও বেশি সংলাপ ও যোগাযোগ হলে বিদ্যমান অনেক সমস্যার সমাধানের পথ সুগম হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

সভায় জেলার উন্নয়ন, শান্তি ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে পরামর্শ প্রদানের জন্য ১৫ সদস্যবিশিষ্ট একটি পরামর্শক কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হলে উপস্থিত বিশিষ্টজনেরা এতে সম্মতি জানান।

মতবিনিময় সভায় বক্তব্য দেন খাগড়াছড়ির সাবেক সংসদ সদস্য যতীন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ড. সুধীন কুমার চাকমা, সাবেক অধ্যক্ষ অধ্যাপক বোধিসত্ত্ব দেওয়ান, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, বাংলাদেশ মারমা উন্নয়ন সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মংপ্রু চৌধুরী, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি কমল বিকাশ ত্রিপুরা, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের স্থায়ী কমিটির সভাপতি ম্রাসাথোয়াই মারমা, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতা আবদুল মজিদ, সমাজকর্মী ধীমান খীসা, সমাজকর্মী রবি শংকর তালুকদার, সনাতন সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নির্মল কান্তি দাশ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি আশা প্রিয় ত্রিপুরা, পেরাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিম্বীসার খীসা এবং পূজা উদযাপন পরিষদের জেলা সাধারণ সম্পাদক তমাল তরুণ দাশসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের মূল সমস্যাগুলোর মধ্যে ভূমি বিরোধ অন্যতম। এ সমস্যাকে কেন্দ্র করে বিভিন্ন সময় উত্তেজনা ও সংঘাতের সৃষ্টি হয়। তাই ভূমি কমিশনকে আরও কার্যকর করে দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ জরুরি। পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের মাধ্যমে স্থায়ী রাজনৈতিক সমাধানের পথ তৈরি করার আহ্বান জানান তারা।

সভায় বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী যেকোনো ঘটনার বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি শহর এলাকায় বিভিন্ন সংগঠনের নামে চাঁদাবাজি বন্ধ, যুবসমাজকে মাদক ও অনলাইন জুয়ার আসক্তি থেকে রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

এ ছাড়া ২৫০ শয্যাবিশিষ্ট খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের নতুন ভবনের অসমাপ্ত নির্মাণকাজ দ্রুত শেষ করার দাবি জানানো হয়। প্রথাগত প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা হেডম্যান ও কার্বারীদের সম্মানী-ভাতা নিয়মিত প্রদান, সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং তাদের কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় অবকাঠামোগত সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান। সিএইচটি নারী হেডম্যান-কার্বারী নেটওয়ার্কের পক্ষ থেকেও একটি নিজস্ব ভবন নির্মাণের দাবি উত্থাপন করা হয়।

Ads