অপারেশন ডেভিল হান্টে পার্বত্য জেলা খাগড়াছড়িতে ১৮ নেতা-কর্মী গ্রেপ্তার

দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি

১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩৯ পিএম


অপারেশন ডেভিল হান্টে পার্বত্য জেলা খাগড়াছড়িতে ১৮ নেতা-কর্মী গ্রেপ্তার

 

খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের বিশেষ অভিযান "অপারেশন ডেভিল হান্ট" অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এই অভিযানে ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।  

খাগড়াছড়ির পুলিশ সুপার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন নিষিদ্ধ ঘোষিত পানছড়ি উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোহাম্মদ সাকিবুর রহমান, পানছড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহেদুল আলম অনিক, এবং মাটিরাঙা উপজেলার বড়নাল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জাফর আহাম্মদ।  

এছাড়া, ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ আরও কয়েকজনকে বিভিন্ন উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে।  

এ ব্যাপারে খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানিয়েছেন, জেলার শান্তিশৃঙ্খলা রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের ধরতে বিভিন্ন সড়কে চেকপোস্ট বসানো হয়েছে এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারে দিন-রাত অভিযান চালাচ্ছে পুলিশ।  

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী, জেলার বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ বিশেষ অভিযান চলমান থাকবে।  

এদিকে, এ অভিযানে সাধারণ মানুষের নিরাপত্তা বৃদ্ধি পেলেও, অনেকের মধ্যে উদ্বেগও তৈরি হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, যেন নিরপরাধ কেউ হয়রানির শিকার না হয় এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।

 

 

Ads