খাগড়াছড়ির নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা


খাগড়াছড়ির নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

 

পার্বত্য জেলা খাগড়াছড়ির নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  

গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, সদর উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়সহ খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সহ-সভাপতি মো. জহুরুল আলম এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।  

সভায় নবাগত জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, "সকলকে নিয়ে ভালো থাকতে চাই। খাগড়াছড়িকে আমি আমার নিজ জেলা মনে করে কাজ করবো। এ জেলাকে ভালো রাখার জন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।"  

তিনি আরও বলেন, "আমাদের লক্ষ্য হলো খাগড়াছড়িকে শান্তিপূর্ণ রাখা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের সম্প্রীতি বজায় রাখতে হবে। শান্তি থাকলে সবকিছু ভালো থাকবে। আমি যে কয়দিন এখানে থাকবো, খাগড়াছড়িবাসীর জন্য নিজেকে উৎসর্গ করবো।"  

মুক্ত আলোচনায় সাংবাদিকরা খাগড়াছড়ি জেলার ৯টি উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন। তারা একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, বিমানবন্দর নির্মাণ, পানছড়ি সড়কের সংস্কার, পর্যটন শিল্প সম্প্রসারণ এবং অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।  

জেলা প্রশাসক সাংবাদিকদের এ সমস্যাগুলোর দ্রুত সমাধানের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানোর প্রতিশ্রুতি দেন এবং বলেন, "আমার দরজা সবার জন্য সবসময় খোলা থাকবে।"
 

 

Ads