খাগড়াছড়িতে নারী ও কন্যা শিশুর বিরুদ্ধে সহিংসতা বন্ধে সেমিনার অনুষ্ঠিত


খাগড়াছড়িতে নারী ও কন্যা শিশুর বিরুদ্ধে সহিংসতা বন্ধে সেমিনার অনুষ্ঠিত

 

খাগড়াছড়িতে "নারী ও কন্যা শিশুর বিরুদ্ধে সহিংসতা বন্ধ করতে একত্রিত হউন" শীর্ষক একটি দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) খাগড়াছড়ি সদর মিলনপুরস্থ হোটেল গাইরিং হলরুমে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৪ উপলক্ষে আয়োজিত এই সেমিনারটি সকাল ৯টা থেকে শুরু হয়ে দিনব্যাপী অনুষ্ঠিত হয়।  

সেমিনারে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন কমিটির আহ্বায়ক নমিতা চাকমা। অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত সদস্য এবং খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক শেফালিকা ত্রিপুরা, নবনিযুক্ত পার্বত্য জেলা পরিষদ সদস্য এবং সিএইচটি নারী হেডম্যান নেটওয়ার্কের সভাপতি জয়া ত্রিপুরা, সুপ্রিম কোর্টের আইনজীবী ও নবনিযুক্ত পার্বত্য জেলা পরিষদ সদস্য মনজিলা সুলতানা ঝুমা, বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আলো’র নির্বাহী পরিচালক অরুণ কান্তি চাকমা, এবং তৃণমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিপন চাকমা।

সেমিনারের মডারেটরের দায়িত্ব পালন করেন জাবারাং কল্যাণ সমিতির প্রজেক্ট কো-অর্ডিনেটর দয়ানন্দ ত্রিপুরা। তিনি সেমিনারের মূল প্রতিপাদ্য বিষয় নিয়ে একটি প্রবন্ধ উপস্থাপন করেন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জর্জকোর্টের আইনজীবী সৃজনী ত্রিপুরা, কাবিদাং-এর নির্বাহী পরিচালক লালসা চাকমা এবং উইমেন রিসোর্স নেটওয়ার্কের সদস্য মনিষা তালুকদার।

মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ। তাদের মধ্যে ডব্লিউআরএন-এর সদস্য হিলারী ত্রিপুরা, স্বপ্না চাকমা, পিপিকা ত্রিপুরা, মিনুচিং মারমা, কেএমকেএস'র প্রতিনিধি কাজল বরন ত্রিপুরা, সংবাদকর্মী দহেন বিকাশ ত্রিপুরা এবং উইমেন্স এক্টিভিস্ট ফোরামের সদস্য খুরশীদা আক্তার বক্তব্য রাখেন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, নারীর প্রতি সহিংসতা বন্ধে পুরুষ এবং নারী উভয়েরই সচেতনতা বৃদ্ধি করতে হবে। শুধু শিক্ষিত হওয়াই যথেষ্ট নয়; মানসিকতারও উন্নয়ন ঘটাতে হবে। পাশাপাশি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন এবং কারিগরি দক্ষতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরা হয়।

সেমিনারে ডব্লিউআরএন, কেএমকেএস, জাবারাং, তৃণমূল, আলো, ওয়াইডব্লিউসিএ, কাবিদাং, টিএসএফ, বিএমএসসি সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

নারী ও কন্যা শিশুর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে এই ধরনের সেমিনার সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সমন্বিত উদ্যোগ গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

সেমিনারের শুভেচ্ছা বক্তব্য রাখেন আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন কমিটির সদস্য সচিব গীতিকা ত্রিপুরা। এসময় নারীর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রয়োজনীয়তাকে জোরালোভাবে উপস্থাপন করেন তিনি। 

 

Ads