খাগড়াছড়িতে ওয়াই-মুভস প্রকল্পের সমাপনী ও পরবর্তী করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
২৫ নভেম্বর ২০২৪, ০৩:৫০ পিএম
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরি সহায়তায় এবং দাতা সংস্থা 'সিডা'র অর্থায়নে বাস্তবায়িত ওয়াই-মুভস প্রকল্পের সমাপনী ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এটি বাস্তবায়ন করেছে জাবারাং কল্যাণ সমিতি।
সোমবার (২৫ নভেম্বর ২০২৪) দুপুরে খাগড়াছড়ি জেলা শহরের মিলনপুরস্থ হোটেল গাইরিং সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার। তিনি প্রকল্পটির কার্যক্রম, লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে প্রশংসা করে বলেন, "এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতেও এমন প্রকল্পের ধারাবাহিকতা কাম্য।"
জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু আব্দুল্লাহ মোঃ ওয়ালী উল্লাহ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সুষ্মিতা খীসা, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক সোহাগ ময় চাকমা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা উষানু চৌধুরী এবং খাগড়াছড়ি মা ও শিশু কেন্দ্রের মেডিকেল অফিসার (ক্লিনিক) ডাঃ চৌধুরী শারমিন হায়দার।
সভায় স্বাগত বক্তব্যে মথুরা বিকাশ ত্রিপুরা প্রকল্পের লক্ষ্য ও অর্জনগুলো উপস্থাপন করেন। প্রকল্পের কার্যক্রম ও সাফল্য তুলে ধরতে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রোগ্রাম অফিসার বিদ্যুৎ জ্যোতি চাকমা।
উন্মুক্ত আলোচনায় বিভিন্ন অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। পেরাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিম্বীসার খীসা, সাংবাদিক কানন আচার্য এবং এনসিটিএফ'র প্রতিনিধি রৌদ্র ত্রিপুরা প্রকল্প থেকে শিশু ও কিশোরীদের স্বাস্থ্য, শিক্ষা ও নেতৃত্ব উন্নয়নে যে সুফল এসেছে, তা উল্লেখ করেন।
প্রকল্পের মাধ্যমে ভবিষ্যতে আরও ব্যাপক কার্যক্রম চালুর আশাবাদ ব্যক্ত করে তারা বলেন, এ ধরনের উদ্যোগ সমাজে টেকসই পরিবর্তন আনতে সাহায্য করবে।

































