প্রবীণ সাংবাদিক শ্রী বিরেন চন্দ্র দাসের ২য় মৃত্যুবার্ষিকী আজ
২৯ জুন ২০২৪, ০২:৩২ পিএম
সাংবাদিক শ্রী বিরেন চন্দ্র দাস। ছবি: সংগৃহীত
প্রাচীন ঐতিহ্যবাহী আক্কেলপুর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা, প্রয়াত সিনিয়র প্রবীণ সাংবাদিক শ্রী বিরেন চন্দ্র দাস এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ শনিবার (২৯ জুন)। তিনি দৈনিক সোনার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্বে ছিলেন। আক্কেলপুর উপজেলা বাসীর কাছে তিনি ছিলেন একজন প্রিয় মানুষ ও সাংবাদিকতার জগতের কিংবদন্তী কলম সৈনিক। সাংবাদিকতা জগতে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে কিংবদন্তি কলম সৈনিক। অতি সহজে সাধারন মানুষের হৃদয়ে স্থান করে নিআজতেন তিনি। ২০২২ সালে আজকের এই দিনে বিকেল ৪ টা ৪০ মিনিটে বগুড়া শহীদ জিয়া মেডিকেল এন্ড কলেজ (শ.জি.মে.ক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তিনি সনাতন ধর্মের হলেও দারিদ্র্যতার কারণে আক্কেলপুর সিনিয়র মাদ্রাসায় লেখাপড়ার পাশাপাশি সেই ছাত্র জীবন থেকেই তিনি বিভিন্ন পত্র-পত্রিকায় তিনি লেখালেখি শুরু করেন। দারিদ্র্যতাকে হার মানিয়ে মাদ্রাসা থেকে দাখিল পাশ করে ঢাকায় অবস্থান করেন এবং দেশের আইন সংবিধান লেখক ড. কামাল এর সহকারী হিসেবে তিনি ঢাকায় অবস্থান করেন। লেখাপড়ার পাশাপাশি সাংবাদিক নির্যাচনের বিরুদ্ধে মূল নেতৃত্বেও তিনি ব্যাপক ভূমিকা রাখেন এবং রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম চালিয়ে গিয়েছেন।জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিকদের সঙ্গে তিনি সুসম্পর্ক গড়ে তোলেন হয়ে উঠেন প্রতিবাদী কলম সৈনিক। এরপর ১৯৮৪-ইং সালে তিনি ঢাকা ত্যাগ করে রাজশাহীতে এসে উত্তরাঞ্চলের আলোচিত পত্রিকা দৈনিক সোনার দেশ পত্রিকার গুরুত্বপূর্ণ দায়িত্ব নেন এবং পরে উপজেলা প্রতিনিধি দায়িত্ব গ্রহণ করেন। এরপর তিনি জয়পুরহাটের আক্কেলপুরে ১৯৮৪-ইং সালে প্রাচীন ঐতিহ্যবাহী উপজেলা প্রেসক্লাব স্থাপিত করেন। উপজেলা প্রেসক্লাবের সভাপতির দায়িত্বে থাকাকালীন সময়ে তিনি মৃত্যুবরণ করেন।
তার মৃত্যুর পর ইতিহাস যাচাই করে জানা যায়, তিনি আগে ঢাকায় পড়ালেখার পাশাপাশি ১৯৬৯ সালে দৈনিক সংগ্রাম পত্রিকার নিজস্ব সংবাদদাতা, ‘সাপ্তাহিক নতুন বাংলা পত্রিকার নিজস্ব সংবাদদাতা’ সাপ্তাহিক জয়পুরহাট বার্তা পত্রিকার বার্তা সম্পাদক, দৈনিক দুর্জয় বাংলার পত্রিকার ব্যুরো প্রধান ও সাপ্তাহিক বালিঘাটা পত্রিকার নির্বাহী সম্পাদক পদে থেকে মৃত্যুকালীন সময় পর্যন্ত তিনি সাংবাদিকতা পেশায় কর্মরত ছিলেন। তাহার আরও অসংখ্য ইতিহাস রয়েছে যা আজও অজানা রয়েছে। যে ইতিহাসে বাংলাদেশের বিভিন্ন স্বনামধন্য দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় তিনি সৃজনশীল ও অনুসন্ধানী সাংবাদিকতার স্বাক্ষর রেখে গেছেন। কর্মজীবনে তিনি ছিলেন নিরপেক্ষ সাংবাদিকতার এক অগ্রদূত।
এছাড়াও সামাজিক বৈষম্য, নিপীড়িত মানুষের পক্ষে তার কলম ছিলো সোচ্চার। সাংবাদিকতায় নিজের সৃজনশীলতা ও রুচিবোধের চর্চা বরাবরই অনুজদের আকর্ষণ করেছে। শুধু সাংবাদিকতায় নয় তিনি ন্যাপ কমিউনিস্ট পার্টি অধ্যাপক মুজাফ্ফর আহমেদ এর ঘনিষ্ঠ সহচর ছিলেন।
সাংবাদিক শ্রী বিরেন চন্দ্র দাস জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার পৌর সদরের ৩ নম্বর ওয়ার্ডের স্বর্গীয় শুকুলাল চন্দ্র দাস এর দ্বিতীয় ছেলে, মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও চার ছেলে সন্তানের জনক ছিলেন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জীবদ্দশায় প্রবীণ এই সাংবাদিকের হাত ধরে অনেকেই আজ সাংবাদিকতা পেশায় এসেছেন এবং তাদেরকে তিনি নিজে প্রশিক্ষিত করেছেন। বর্তমানে তারা দেশের বিভিন্ন সুনামধন্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সুনামের সহিত কর্মরত আছেন।
তাঁর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে দেশের বিভিন্ন গণমাধ্যম সংগঠনের পক্ষথেকে শোকহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বার্তাও পাঠিয়েছেন।



































