রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৬৫ জন গ্রেফতার
২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় রাজধানীর বিভিন্ন থানায় ৪৫টি মামলা করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য জানান।
তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৮ জন, লালবাগে ৩৮ জন, ওয়ারীতে ৬৪ জন, মতিঝিলে ৮৩ জন, তেজগাঁওয়ে ৮০ জন, মিরপুরে ৯০ জন, গুলশানে ৩৩ জন, উত্তরা বিভাগে ৩৪ জন এবং গোয়েন্দা বিভাগে (ডিবি) ৫ জন রয়েছেন।
ডিএমপি জানায়, অভিযানে একটি দেশীয় ওয়ান শুটারগান, একটি কার্তুজ, দুটি ছুরি, ৫০ কেজি গাঁজা, ২৯৯টি ইয়াবা ও ২৩ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া একটি পিকআপ, ১১টি মোবাইল ফোন, একটি স্টিলের রড, পাঁচটি কাঠের স্ট্যাম্প, দুটি বোতলের ছিপি, কিছু ফুয়েল পেপার এবং নগদ ৪ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
অভিযান চলাকালে একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে বলে জানান ডিএমপির কর্মকর্তা।
ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ সময় সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


































