সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু, ছিনতাইকারীসহ গ্রেফতার ২
১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ এএম
ছবি: সংগৃহীত
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীদের টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকা রনজিনা পারভীনের (৫৫) মৃত্যুর ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল ও ছিনতাই করা মালামাল উদ্ধার করা হয়েছে। এছাড়া তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেটও উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। তিনি জানান, রাজধানীর একটি এলাকা থেকে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
গত ৩০ আগস্ট শিক্ষিকা রনজিনা পারভীনের পরিবারের পক্ষ থেকে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করা হয়।
পুলিশ জানায়, ২৯ আগস্ট সকাল সাড়ে ৬টার দিকে রনজিনা পারভীন বগুড়া থেকে ঢাকার ফার্মগেট এলাকায় ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসকের কাছে যাওয়ার পথে ছিনতাইকারীদের কবলে পড়েন।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে একটি মোটরসাইকেলে থাকা ছিনতাইকারীরা রিকশার পেছন থেকে তার ব্যাগ ধরে টান দেয়। এতে তিনি রিকশা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। মাথায় আঘাত পাওয়ার পর তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

































