গ্রেফতার আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান

মোঃ আশরাফুল আলম

১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ পিএম


গ্রেফতার আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরা থেকে জামালপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও জামালপুর-২ (ইসলামপুর) আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী এস এম শাহীনুজ্জামান শাহীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একটি অপহরণ মামলায় তিনি চার্জশিটভুক্ত আসামি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মির্জা তারেক আহমেদ বেগ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রোববার রাতে উত্তরা ১৪ নম্বর সেক্টর থেকে শাহীনুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি অপহরণ মামলা রয়েছে। উত্তরা ক্লাবের পাশে ওই অপহরণের ঘটনা ঘটে। মামলাটিতে তিনি চার্জশিটভুক্ত আসামি।

২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ (ইসলামপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘কাঁচি’ প্রতীকে নির্বাচন করেন শাহীনুজ্জামান। তিনি জামালপুর জেলা আওয়ামী লীগের সদস্য।

মামলার বিষয়ে শাহীনুজ্জামান জানতেন কি না জানতে চাইলে ডিসি মির্জা তারেক আহমেদ বেগ বলেন, শাহীন উত্তরায় ব্যবসা করতেন। জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, তার বিরুদ্ধে মামলা রয়েছে—এ বিষয়ে তিনি নিজে জানতেন না।

শাহীনুজ্জামানের বিরুদ্ধে আরও কোনো মামলা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ডিসি তারেক আহমেদ। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Ads