শাহজাদপুরে নার্সিং-ডেন্টাল কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ পিএম
শাহজাদপুরে বিশেষায়িত চিকিৎসা শিক্ষার প্রসারে সরকারি উদ্যোগে নার্সিং ও ডেন্টাল কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকাস্থ শাহজাদপুর উপজেলা কল্যাণ সমিতি আয়োজিত নাগরিক সংবর্ধনায় বক্তব্য দেওয়ার সময় তিনি এ পরিকল্পনার কথা জানান।
অনুষ্ঠানে শাহজাদপুরের সংসদ সদস্য ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত তার রাজনৈতিক দর্শন, সমাজ সংস্কারের প্রয়োজনীয়তা এবং শাহজাদপুরের দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক উন্নয়নের পরিকল্পনা তুলে ধরেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়ন দিয়ে একটি জাতির সামগ্রিক পরিবর্তন সম্ভব নয়। সরকার অট্টালিকা ও রাস্তাঘাট নির্মাণ করতে পারে, কিন্তু মানুষের মন-মানসিকতা পরিবর্তন করে দিতে পারে না। সমাজে সততা ও ন্যায়ের চর্চা না থাকলে ফ্যাসিবাদী মানসিকতার পুনরাবৃত্তি ঘটতে পারে বলেও সতর্ক করেন তিনি।
রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের আহ্বান জানিয়ে তিনি বলেন, যে সমাজ দুর্নীতিবাজকে সফল মনে করে সম্মান দেয় এবং সৎ মানুষকে বোকা বা অকর্মণ্য মনে করে, সেখানে দুর্নীতিবাজই জন্ম নেবে। সন্তানকে কী উপদেশ দেওয়া হচ্ছে, তার চেয়ে তারা পরিবার ও সমাজে কী দেখছে—এটি বেশি গুরুত্বপূর্ণ।
নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরে ড. এম এ মুহিত বলেন, রাজনীতিতে তার কোনো ব্যক্তিগত চাওয়া-পাওয়া নেই এবং আমৃত্যু রাজনীতি আঁকড়ে থাকারও ইচ্ছা নেই। তিনি বলেন, মারামারি, মাদক ব্যবসা বা চাঁদাবাজির রাজনীতি তিনি শেখেননি। পেশাগত জীবনে হাসপাতাল, বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠান পরিচালনার অভিজ্ঞতা অর্জন করেছেন।
শাহজাদপুরের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, উপজেলার যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়ন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান উন্নয়নের পাশাপাশি পূর্বাঞ্চলের মানুষের জন্য একটি বড় হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে নার্সিং কলেজ ও ডেন্টাল কলেজ স্থাপনের উদ্যোগও প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও জানান, তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ ও সাংস্কৃতিক কমপ্লেক্স প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি শাহজাদপুরের ঐতিহ্যবাহী তাঁত ও দুগ্ধশিল্পকে আরও এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
ঢাকায় কর্মরত শাহজাদপুরের বিভিন্ন শ্রেণি-পেশার গুণীজন ও কর্মকর্তাদের এলাকার উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, মানুষের কল্যাণে দল-মত নির্বিশেষে যেকোনো ছোট-বড় উদ্যোগ নেওয়া হলে তিনি সবসময় পাশে থাকবেন।
অনুষ্ঠানে ঢাকায় বসবাসরত শাহজাদপুরবাসীদের সংগঠন শাহজাদপুর উপজেলা কল্যাণ সমিতির পক্ষ থেকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চক্ষু ও জনস্বাস্থ্যবিদ এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়।

































